সদ্য সমাপ্ত জুন মাসে গ্রাহক পর্যায়ে অতিরিক্ত ও অস্বাভাবিক বিদ্যুৎ বিলের অভিযোগ এবং দেশজুড়ে চলমান লোডশেডিং পরিস্থিতি নিয়ে জরুরি মতবিনিময় সভা করেছে বিদ্যুৎ বিভাগ।
২জুলাই (বৃহস্পতিবার) বিদ্যুৎ বিভাগের সচিব মিরানা মাহরুখের সভাপতিত্বে অনলাইন জুম প্ল্যাটফর্মে এই গুরুত্বপূর্ণ সভাটি অনুষ্ঠিত হয়।
সভায় দেশের বিভিন্ন অঞ্চলের গ্রাহকদের কাছ থেকে আসা ‘ভূতুড়ে বিলের’ অভিযোগের পেছনের আসল কারণ উদ্ঘাটন এবং মাঠ পর্যায়ে লোডশেডিংয়ের বাস্তব অভিজ্ঞতা নিয়ে বিস্তারিত আলোচনা করেন কর্মকর্তারা। এ ছাড়া নবায়নযোগ্য জ্বালানির অংশ হিসেবে সোলার সিস্টেমে ‘নেট মিটারিং’ স্থাপনের সর্বশেষ হালনাগাদ অগ্রগতিও সভায় তুলে ধরা হয়।
গ্রাহক ভোগান্তি কমানোর ওপর জোর দিয়ে বিদ্যুৎ বিভাগের সচিব মিরানা মাহরুখ মাঠ পর্যায়ের কর্মকর্তাদের অস্বাভাবিক বিলের সুনির্দিষ্ট কারণ খুঁজে বের করার তাগিদ দেন। একই সঙ্গে লোডশেডিং পরিস্থিতি সহনীয় পর্যায়ে রাখা এবং নেট মিটারিং ব্যবস্থার দ্রুত বাস্তবায়নে প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নেওয়ার জন্য সংশ্লিষ্টদের কঠোর নির্দেশ দেন তিনি।