দেশের বাজারে আবারও স্বর্ণালঙ্কারের দাম বেড়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণালঙ্কারের দাম বাড়ানো হয়েছে ৪ হাজার ৪৩২ টাকা। এতে ভ্যাটসহ ভালো মানের এক ভরি স্বর্ণালঙ্কারের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩০ হাজার ৭৭২ টাকা। স্থানীয় বাজারে তেজাবী সোনার দাম বাড়ার পরিপ্রেক্ষিতে এই দাম বাড়ানো হয়েছে।
২২ জুন (সোমবার) সকাল ১০টা থেকে এই দাম কার্যকর হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
সকালে বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি বৈঠকে করে এই দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গত ২০ জুন ভালো মানের এক ভরি স্বর্ণালঙ্কারে দাম কমানো হয় ২ হাজার ২১৬ টাকা। তার আগে ১৯ জুন কমানো হয় ৪ হাজার ৩৭৪ টাকা। পর পর দুই দফা কমানোর পর এখন স্বর্ণালঙ্কারের দাম বাড়ানো হলো।
এখন ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণালঙ্কারের দাম ৪ হাজার ৪৩২ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩০ হাজার ৭৭২ টাকা। ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণালঙ্কারের দাম ৪ হাজার ১৯৯ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২০ হাজার ৩৯১ টাকা।
এছাড়া ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণালঙ্কারের দাম ৩ হাজার ৫৫৭ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৮৯ হাজার ২৪৮ টাকা। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণালঙ্কারের দাম ২ হাজার ৯১৬ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৪ হাজার ৬০৬ টাকা।