জাতীয় সংসদে দাঁড়িয়ে বিরোধীদলকে তুচ্ছ-তাচ্ছিল্য করার সংস্কৃতি চালু করেছিল আওয়ামী লীগ। আর সবচেয়ে বেশি গালি দেওয়া হতো বিএনপিকে, একইসঙ্গে জামায়াতকেও একটু ছাড় দেওয়া হতো না বলে মন্তব্য করেছেন দলের আমির ডা. শফিকুর রহমান।
১৯ জুন (শুক্রবার) নারায়ণগঞ্জে কর্মী সম্মেলনে বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জামায়াত আমির বলেন, এখন বিএনপিও পুরোনো আওয়ামী লীগের কথাগুলো এখন তারাও জপ শুরু করেছে। যে কথাগুলো জপতে জপতে আওয়ামী লীগ গিয়ে পড়ছে দিল্লিতে, আপনারা সেই কথাগুলো জপতে জপতে কোথায় গিয়ে পড়বেন? তিনি আরও বলেন, জনগণ এখন এগুলো খায় না। তরুণ সমাজ এগুলো শুনতে চায় না। তাদের মনের ভাষা বোঝার চেষ্টা করুন, নইলে ভুল করবেন।
বাজেট প্রসঙ্গে জামায়াত আমির বলেন, একটা বড় বাজেট দেওয়া হয়েছে, অসুবিধা নেই। বাজেট দেওয়া ও বাস্তবায়ন করার দায়িত্ব সরকারের। বিগত ১৫ বছরে এই বাজেট থেকে যেভাবে আওয়ামী লীগ আর তার দোসররা ২৯ লাখ কোটি টাকা চুরি করে নিয়ে গিয়েছিল, সেই পথে আপনারা হাঁটবেন না।
তিনি আরও বলেন, গণতন্ত্রের মূল দাবি হলো সংখ্যাগরিষ্ঠের রায়কে সম্মান করা। যেহেতু প্রায় ৭০ শতাংশ জনগণ হ্যাঁ–এর পক্ষে ভোট দিয়েছে, তাই সরকারের উচিত এই গণভোটে উত্থাপিত সব সংস্কার প্রস্তাব বাস্তবায়ন করা।