শাব্বির এলাহী, কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি ::
‘নজরুল বর্ষ’ উপলক্ষে আবৃত্তি অঙ্গনের আয়োজনে শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে কমলগঞ্জে কবিতা পাঠের আসর অনুষ্ঠিত হয়। আবৃত্তি অঙ্গন এর সভাপতি শাব্বির এলাহীর সভাপতিত্বে এবং কবি নির্মল এস পলাশের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ আসরের উদ্বোধন করেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সন্দ্বীপ তালুকদার।
বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে কবিতা পাঠের আসরে আলোচক হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট লেখক ও গবেষক আহমদ সিরাজ, দৈনিক সমকাল পত্রিকার মৌলভীবাজার জেলা প্রতিনিধি নুরুল ইসলাম এবং কমলগঞ্জ প্রেসক্লাব সভাপতি আসহাবুজ্জামান শাওন।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন আবৃত্তি অঙ্গন এর সাধারণ সম্পাদক আজিজুর রহমান, সংগঠনের সদস্য সাজিদুর রহমান সাজু ও পিন্টু দেবনাথ। অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে অতিথিবৃন্দ পুরস্কার তুলে দেন।
নজরুল চর্চা ও শিক্ষার্থীদের মননশীল বিকাশে এমন উদ্যোগ স্থানীয় সংস্কৃতিপ্রেমীদের মাঝে বেশ প্রশংসিত হয়েছে। এসময় আবৃত্তি অঙ্গন, সাংবাদিক, শিক্ষক, শিক্ষার্থীসহ সাহিত্যপ্রেমিরা উপস্থিত ছিলেন।