বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, “আজ সকাল ৭টায় শহীদ আবু সাঈদের স্মৃতিবিজড়িত রংপুরের উদ্দেশ্যে আমাদের লংমার্চ শুরু হয়েছে। এই কর্মসূচি কোনো দলীয় দাবি নিয়ে নয় বরং ১৮ কোটি মানুষের দাবি নিয়ে আমরা রাস্তায় নেমেছি।”
১৯ সেপ্টেম্বর (শনিবার) সকাল সাড়ে ৯টার দিকে গাজীপুরের ভোগড়া বাইপাসের টাঙ্গাইল রোড এলাকায় ১১ দলীয় ঐক্যের লংমার্চের পথসভায় তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, “জনগণের ঘরে গ্যাস পৌঁছে দেওয়া, শিল্পকারখানার চাকা সচল রাখা, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা এবং পানির সংকটে থাকা মানুষের দুর্ভোগ দূর করার দাবিতে এই কর্মসূচি।” পাশাপাশি রাস্তা, ঘাট, হাট-বাজার ও টেম্পু স্ট্যান্ডসহ বিভিন্ন স্থানে চাঁদাবাজি বন্ধ, দুর্নীতিমুক্ত দেশ প্রতিষ্ঠা এবং আধিপত্যবাদের বিরুদ্ধে অবস্থান নেওয়ার কথাও উল্লেখ করেন তিনি।
আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিও তুলে ধরেন জামায়াতের আমির। তিনি জানান, এসব দাবি সাধারণ মানুষের দাবি বলেই তারা মাঠে নেমেছেন। তিনি জনগণকে কর্মসূচির সঙ্গে থাকার আহ্বান জানান।
গণভোটের প্রসঙ্গ তুলে ডা. শফিকুর রহমান বলেন, “আপনারা গণভোটে হ্যাঁ বলেছিলেন। ৭০ ভাগ মানুষ হ্যাঁ বলেছিল। সরকার আপনাদের গণভোটকে অগ্রাহ্য করে অপমানিত করেছে। সেই প্রতিশোধ নেওয়ার জন্য আমরা নেমেছি। জনগণের রায়ের বাস্তবায়ন এই বাংলার মাটিতে হবে। এই বিএনপিই করতে বাধ্য হবে। পানি খাবে, কিন্তু ঘোলা করে খাবে।”
তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “সরকারকে আমরা বলে দিচ্ছি, আজকে ৮ দফা দাবিতে নেমেছি জনগণের জন্য, জনগণের প্রয়োজনে। ৮ দফা যেকোনো সময় এক দফায় পরিণত হতে পারে।”
শনিবার সকাল থেকেই ভোগড়া বাইপাস এলাকায় জামায়াতের নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতি বাড়তে থাকে। পরে পথসভাস্থল মানুষে পূর্ণ হয়ে যায়। সকাল ১০টার দিকে ভোগড়া বাইপাসের পথসভা শেষ করে লংমার্চটি টাঙ্গাইলের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। সকাল সাড়ে ১০টার দিকে টাঙ্গাইলের নগর জালফৈ বাইপাস এলাকায় আরেকটি পথসভায় হওয়ার কথা রয়েছে।