গাজীপুরের কালিয়াকৈরের আঞ্চলিক সড়কে কাভার্ডভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন তিনজন।
শনিবার (৫ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার কাঞ্চনপুর এলাকায় দুর্ঘটনাাট ঘটে। তাৎক্ষণিকভাবে নিহত দুই ব্যক্তির নাম জানাতে পারেনি পুুলিশ।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, পাঁচজন যাত্রী নিয়ে একটি সিএনজি চালিত অটোরিকশা কালিয়াকৈরের দিকে যাচ্ছিল। কাঞ্চনপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যানের সঙ্গে সেটির মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে সিএনজিতে থাকা দুই আরোহীকে মৃত অবস্থায় উদ্ধার করেন। আহত অপর তিনজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।
কালিয়াকৈর থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। দুর্ঘটনায় দুইজন ঘটনাস্থলেই মারা যান। আইনগত ব্যবস্থা চলমান রয়েছে।