• বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫২ পূর্বাহ্ন

কঙ্গোয় ইবোলার প্রাদুর্ভাবে মৃত্যুর সংখ্যা ছাড়াল ৩০০০

আন্তর্জাতিক ডেস্ক / ৯ Time View
Update : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬

আফ্রিকার দেশ কঙ্গোয় মহামারী রূপ নেওয়া ইবোলা ভাইরাসের সংক্রমণে প্রাণহানি ৩ হাজার ছাড়িয়ে গেছে। দেশটির সরকারি তথ্যের বরাতে বুধবার এ চিত্র প্রকাশ পায়। ইবোলার মারাত্মক বুন্দিবুগিও প্রজাতির কারণে সৃষ্ট এ প্রাদুর্ভাবটি কঙ্গোর ইতিহাসের সবচেয়ে বড় ও প্রাণঘাতী মহামারী হিসেবে রূপ নিয়েছে।

সরকারি পরিসংখ্যান অনুযায়ী, দেশটিতে এখন পর্যন্ত ইবোলায় আক্রান্ত হয়ে ৩ হাজার ৭ জনের মৃত্যু হয়েছে এবং নিশ্চিতভাবে শনাক্ত হওয়া রোগীর সংখ্যা পৌঁছেছে ৬ হাজার ১৮৬ জনে। এর মধ্য দিয়ে এটি ২০১৮-২০২০ সালের প্রাদুর্ভাবকেও ছাড়িয়ে গেছে। বৈশ্বিক পর্যায়ে ২০১৪-২০১৬ সালে পশ্চিম আফ্রিকায় ১১ হাজার মানুষের প্রাণ কেড়ে নেওয়া মহামারীর পর এটিই ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ প্রাণঘাতী ইবোলা প্রাদুর্ভাব।

গত ১৫ মে দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় ইতুরি প্রদেশে আনুষ্ঠানিকভাবে এই প্রাদুর্ভাবের ঘোষণা দেওয়া হলেও বিশেষজ্ঞরা মনে করছেন, বছরের শুরু অর্থাৎ জানুয়ারি থেকেই ভাইরাসটির বিস্তার শুরু হয়েছিল। কঙ্গো কর্তৃপক্ষ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং বিভিন্ন আন্তর্জাতিক সহায়তা সংস্থার সমন্বিত প্রচেষ্টা সত্ত্বেও এটি ইতোমধ্যেই দেশটির ছয়টি প্রদেশে ছড়িয়ে পড়েছে।

পর্যাপ্ত নজরদারির অভাব, স্থানীয় অস্থিতিশীল নিরাপত্তা পরিস্থিতি এবং স্বাস্থ্যকর্মীদের প্রতি জনগোষ্ঠীর অনাস্থার কারণে আক্রান্তদের দ্রুত শনাক্ত ও চিকিৎসাসেবা নিশ্চিত করা কঠিন হয়ে দাঁড়িয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, প্রায় ৬০ শতাংশ রোগীর মৃত্যুই ঘটছে স্বাস্থ্যসেবা কেন্দ্রের বাইরে।

উদ্বেগের বিষয় হলো, বুন্দিবুগিও প্রজাতির ইবোলার জন্য এখন পর্যন্ত আন্তর্জাতিকভাবে অনুমোদিত কোনো সুনির্দিষ্ট টিকা বা কার্যকর চিকিৎসা পদ্ধতি নেই।

তবে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ও আন্তর্জাতিক এইডস ভ্যাকসিন ইনিশিয়েটিভসহ বেশ কয়েকটি বৈজ্ঞানিক দল এর টিকা তৈরির কাজ চালিয়ে যাচ্ছে। বর্তমান সংকট মোকাবেলায় কঙ্গো কর্তৃপক্ষ সম্মুখসারির স্বাস্থ্যকর্মীদের সুরক্ষায় মার্ক-এর তৈরি ‘এরভেবো’ টিকা প্রয়োগ শুরু করেছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category