বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর জিয়া উদ্যানে নেতাকর্মীদের ঢল নেমেছে। নানা স্লোগানে মুখোর হয়ে উঠেছে উদ্যান প্রাঙ্গণ। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে নেতাকর্মীদের উপস্থিতিও বাড়তে থাকে। এছাড়া, পুরো এলাকায় তৈরি হয় উৎসবমুখর পরিবেশ।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল থেকেই বিভিন্ন এলাকা থেকে বিএনপি এবং দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা পতাকা, ব্যানার ও ফেস্টুন নিয়ে জিয়া উদ্যানে জড়ো হতে শুরু করেন।
প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতির কারণে আশপাশের সড়কগুলোতেও কিছুটা ব্যস্ততা তৈরি হয়েছে।
বিএনপির নেতারা জানান, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয়ভাবে বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে। এসব কর্মসূচিতে অংশ নিতে রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে সকাল থেকেই নেতাকর্মীরা জিয়া উদ্যানে আসতে থাকেন। কর্মসূচিকে কেন্দ্র করে জিয়া উদ্যান এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদেরও সতর্ক অবস্থানে থাকতে দেখা গেছে।
এদিকে, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকাল ৬টায় বিএনপির নয়াপল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়সহ দেশব্যাপী দলীয় কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে সকাল ৯টায় বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান, দলের ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীসহ কেন্দ্রীয় নেতারা বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দলটির সাবেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিস্থলে উপস্থিত হয়ে সূরা ফাতেহা পাঠ ও পুষ্পস্তবক অর্পণ করেন।
প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিএনপির পক্ষ থেকে নেওয়া পাঁচদিনের কর্মসূচির মধ্যে আগামী ৫ সেপ্টেম্বর বেলা ৩টায় কৃষিবিদ ইন্সটিটিউশন-বাংলাদেশ মিলনায়তনে বিএনপি প্রতিষ্ঠার উদ্দেশ্য ও তাৎপর্য শীর্ষক আলোচনা সভা হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে পোস্টার প্রকাশ করা হবে।
এছাড়া, বৃক্ষরোপণ ও মৎস্য অবমুক্তকরণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। মৎস্য অবমুক্তকরণ কর্মসূচিতে নেতৃত্ব দেবেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল।বৃক্ষরোপণ কর্মসূচিতে নেতৃত্ব দেবেন দলের যুগ্ম মহাসচিব ও পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
একইভাবে সারাদেশে জেলা ও মহানগর বিএনপি এবং এর ইউনিটগুলো ১ সেপ্টেম্বর বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুবিধাজনক সময়ে আলোচনা সভা এবং অন্যান্য কর্মসূচি পালন করবে।
১৯৭৮ সালের এই দিনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রতিষ্ঠা করেন। তিনি ছিলেন দলটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান।