• মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১০:২০ পূর্বাহ্ন

রমজানের পর এসএসসি পরীক্ষা: শিক্ষামন্ত্রী

ইউনাইটেড ডেস্ক / ১১ Time View
Update : সোমবার, ৩১ আগস্ট, ২০২৬
এহসানুল হক মিলন। ছবি সংগ্রহীত

শিক্ষার্থীদের সুবিধার্থে রমজানের পর এসএসসি পরীক্ষা নেয়ার কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন। তিনি বলেন, পাতত এসএসসি পরীক্ষা পেছানোর কোনো কারণ সরকার দেখছে না। কারণ, শিক্ষার্থীদের প্রস্তুতি ও পড়াশোনা রিভিউয়ের জন্য পর্যাপ্ত সময় দিতে রমজানের পর পরীক্ষা নেওয়া হবে।

সোমবার (৩১ আগস্ট) দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সভাকক্ষে সাম্প্রতিক চীন সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, এসএসসি পরীক্ষার সময়সূচি নির্ধারণের ক্ষেত্রে সামগ্রিক বিষয় বিবেচনায় নেওয়া হয়েছে। জানুয়ারিতে পরীক্ষা শুরু করলে তা এক মাস ধরে চলবে এবং ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ পর্যন্ত গড়াবে।

এরপর ১০ ফেব্রুয়ারি থেকে ১০ মার্চ পর্যন্ত রমজান চলবে। ফলে ওই সময়ে পরীক্ষা নেওয়া সম্ভব নয়।
তিনি বলেন, এসএসসি পরীক্ষাকে একটি নির্দিষ্ট সময়ের মধ্যে নিয়ে আসাই সরকারের লক্ষ্য। সাধারণত দেশে বর্ষা বা বৃষ্টির মৌসুমে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এখন পরীক্ষাটি একটি নির্দিষ্ট সময়ে নেওয়ার পরিকল্পনা করা হচ্ছে। একই সঙ্গে এসএসসি পরীক্ষার সঙ্গে সমন্বয় করে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাগুলোও নির্দিষ্ট সময়ে নেওয়ার বিষয়টি বিবেচনা করা হচ্ছে।

শিক্ষামন্ত্রী বলেন, বিদেশে উচ্চশিক্ষার জন্য যাওয়া শিক্ষার্থীদের বিষয়টিও দেশের শিক্ষাব্যবস্থার সময়সূচির সঙ্গে সমন্বয় করতে হয়। সবকিছু বিবেচনায় বাংলাদেশের জন্য ফেব্রুয়ারি মাসকে এসএসসি পরীক্ষার উপযুক্ত সময় মনে করা হচ্ছে। তবে রমজানের কারণে এবার ফেব্রুয়ারিতে পরীক্ষা নেওয়া সম্ভব হচ্ছে না।

রমজানের আগে পরীক্ষা এগিয়ে আনার বিষয়ে তিনি বলেন, সংশ্লিষ্ট অংশীজনদের অনুরোধে পরীক্ষা এগিয়ে আনার বিষয়টি বিবেচনা করা হয়েছিল। কিন্তু এতে নবম শ্রেণির শিক্ষার্থীদের পড়াশোনা রিভিউয়ের জন্য পর্যাপ্ত সময় থাকছে না। দশম শ্রেণির শিক্ষার্থীদের ক্লাস ও সিলেবাস শেষ হলেও নবম শ্রেণির শিক্ষার্থীদের রিভিউয়ের সুযোগ দেওয়াটাও গুরুত্বপূর্ণ।

শিক্ষামন্ত্রী বলেন, রমজানের পরে পরীক্ষা নিলে তা কিছুটা বিলম্বিত হবে। তবে রমজান একটি বাস্তবতা। এর সঙ্গে পরীক্ষার সময়সূচি সমন্বয় করতে হবে। আবার জানুয়ারিতে পরীক্ষা নিলে নবম শ্রেণির শিক্ষার্থীরা পড়াশোনা রিভিউয়ের জন্য পর্যাপ্ত সময় পাবে না। শিক্ষার্থীদের কোনোভাবে ক্ষতিগ্রস্ত করতে চায় না সরকার। এ কারণে সব দিক বিবেচনা করে এসএসসি পরীক্ষা রমজানের পর নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

রমজানের আগে পরীক্ষা নেওয়ার দাবির বিষয়ে এহসানুল হক মিলন বলেন, কেউ কেউ রমজানের আগেই পরীক্ষা নেওয়ার কথা বলেছেন। কিন্তু বাস্তব পরিস্থিতিতে তা সম্ভব হচ্ছে না।

এসএসসি পরীক্ষা আরও পেছানোর সম্ভাবনা আছে কি না-এমন প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, আপাতত পরীক্ষা পেছানোর কোনো কারণ দেখা যাচ্ছে না। জাতীয় পর্যায়ে কোনো বিশেষ পরিস্থিতি তৈরি না হলে পরীক্ষা পেছানোর কারণ নেই। শিক্ষার্থীদের প্রস্তুতির জন্য যথেষ্ট সময় দেওয়া হয়েছে। প্রায় দেড় বছর আগেই তাদের পরীক্ষার বিষয়ে জানিয়ে দেওয়া হয়েছে এবং তারা সে অনুযায়ী প্রস্তুতি নিচ্ছে।

সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমানের শিক্ষা উপদেষ্টা ড. মাহদী আমিন এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মো. দাউদ মিয়া উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category