মৌলভীবাজারের কমলগঞ্জ সীমান্ত দিয়ে দুই নারীসহ তিনজনকে পুশ ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। পরে তাদেরকে স্থানীয়রা আটক করে থানায় হস্তান্তর করেন।
২৯ আগস্ট (শনিবার)0 উপজেলার আলীনগর ইউনিয়নের বকসি টিলা সীমান্তসংলগ্ন এলাকায় তাদের দেখতে পেয়ে স্থানীয় লোকজন আটকে রাখেন। পরে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা গিয়ে তাদের উদ্ধার করে কমলগঞ্জ থানায় সোপর্দ করেন।
আটককৃতরা হলেন- নড়াইল সদর উপজেলার সিঙ্গাসুরপুর গ্রামের এমাদুল মোল্লার ছেলে রানা মোল্লা (২৪), রানা মোল্লার স্ত্রী মাহমুদা আক্তার লিমা (২২) এবং খুলনা জেলার বেজেরডাঙ্গা গ্রামের এমাদুল হাওলাদারের মেয়ে ময়না খাতুন (২০)।
স্থানীয় সূত্র জানায়, শ্রীমঙ্গল ব্যাটালিয়ন (৪৬ বিজিবি)-এর অধীন দেবলছড়া বিওপির সীমান্ত এলাকা দিয়ে শনিবার ভোরে বিএসএফ তাদের বাংলাদেশে পাঠায়। পরে সকাল সাড়ে ৭টার দিকে বকসি টিলা এলাকায় তাদের দেখতে পেয়ে স্থানীয়রা বিষয়টি প্রশাসনকে অবহিত করেন। খবর পেয়ে আনসার সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তিনজনকে উদ্ধার করেন। পরবর্তীতে সকাল সোয়া ৯টার দিকে তাদের কমলগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।
জীবিকার সন্ধানে প্রায় দুই মাস আগে তারা অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন বলে পুলিশের কাছে স্বীকার করেছেন। শনিবার ভোররাতে বিএসএফ সদস্যরা তাদের চোখ বেঁধে সীমান্তের বকসি টিলা এলাকা দিয়ে বাংলাদেশে ঠেলে দেয়।
কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কমর উদ্দিন বলেন, আটক ব্যক্তিদের পরিচয় যাচাই করে বাংলাদেশি নাগরিক হিসেবে নিশ্চিত হওয়া গেছে। তাদের পরিবারের লোকজনকে খবর দেয়া হয়েছে। আইনগত প্রক্রিয়া অনুসরণ করে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।