বিএনপির নেতাকর্মীদের সাধারণ মানুষের পাশে থেকে স্বচ্ছতা, জবাবদিহি ও দায়িত্বশীলতার সঙ্গে রাজনীতি করার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। তিনি বলেছেন, দুর্নীতিবাজ, সন্ত্রাসী, দখলবাজ, চাঁদাবাজ কিংবা অস্ত্রধারীদের দলে কোনো স্থান হবে না।
২৮ আগস্ট (শুক্রবার) নরসিংদীর মনোহরদী ও বেলাব উপজেলা বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, সাধারণ মানুষের সঙ্গে খারাপ আচরণ, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড বা কোনো ধরনের দুর্নীতিতে জড়ানো যাবে না। এসব কর্মকাণ্ডের নেতিবাচক প্রভাব সরাসরি দলের ভাবমূর্তির ওপর পড়ে।
তিনি আরও বলেন, কোনো অন্যায়কে প্রশ্রয় দেওয়া হবে না। ব্যক্তিগত প্রভাব খাটিয়ে কাজ আদায় কিংবা দুই পক্ষকে খুশি রাখার রাজনীতি থেকে নেতাকর্মীদের বেরিয়ে আসতে হবে।
সাখাওয়াত হোসেন নেতাকর্মীদের উদ্দেশে বলেন, শুধু পদ-পদবি নিয়ে বসে থাকলে চলবে না। জনগণের কাছে জবাবদিহি নিশ্চিত করে তাদের কল্যাণে কাজ করতে হবে।
ফ্যামিলি কার্ড বিতরণে স্বচ্ছতা নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, দলীয় পরিচয় বা ব্যক্তিগত সুপারিশের ভিত্তিতে নয়, প্রকৃতভাবে যারা সুবিধা পাওয়ার যোগ্য, তাদের কাছেই ফ্যামিলি কার্ড পৌঁছাতে হবে।