নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, ইভটিজিং ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে জনসচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৮ আগস্ট) উপজেলার ২নং চরবাটা ইউনিয়নে এই সমাবেশ হয়। গণমাধ্যমকর্মী হানিফ মাহমুদের সঞ্চালনায় সমাবেশের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আকিব ওসমান।
এছাড়া সমাবেশে বক্তব্য রাখেন, চরজব্বর থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম, নোয়াখালী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট এবিএম জাকারিয়া, সুবর্ণচর উপজেলা জামায়াতের আমীর মাওলানা মো. জামাল উদ্দিন, ছাত্রদলের সাবেক সভাপতি আজগর উদ্দিন দুখু, ২নং চরবাটা ইউনিয়ন জামায়াতের আমীর মো. দিদারুল আলম, যুবদলের সদস্য সচিব নুরুল হুদা, যুবদল সভাপতি মাইন উদ্দিন, সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ ভুট্টু, ছাত্রশিবির সৈকত সরকারি কলেজ শাখার সভাপতি কামরুল হাসান প্রমুখ।
সমাবেশের পরে একটি সচেতনতামূলক র্যালি অনুষ্ঠিত হয়। র্যালিতে অংশগ্রহণকারীরা মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, ইভটিজিং ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে বিভিন্ন সচেতনতামূলক প্ল্যাকার্ড প্রদর্শন করেন।
সমাবেশে বক্তারা বলেন, মাদক ও অপরাধমুক্ত সমাজ গঠনে শুধু আইনশৃঙ্খলা বাহিনী নয়, রাজনৈতিক নেতাকর্মী, জনপ্রতিনিধি, শিক্ষক, অভিভাবকসহ সমাজের সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তরুণ ও কিশোরদের অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনগুলোর সমন্বিত উদ্যোগ জরুরি।
বক্তারা আরও বলেন, মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, ইভটিজিং ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। এ জন্য নিজ নিজ অবস্থান থেকে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তারা।