বাংলাদেশের মানুষের সঙ্গে করা অন্যায়ের পরিণতি শেখ হাসিনাকে ভোগ করতেই হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় মুখ্য সংগঠক সারজিস আলম। তিনি বলেন, ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফিরবেনা, হাসিনার কবরও বাংলাদেশে হবে না।
বুধবার (২৬ আগস্ট) রাঙামাটিতে এনসিপির সাংগঠনিক সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে সারজিস আলম এসব কথা বলেন। এ সময় তিন পার্বত্য জেলায় সুষম উন্নয়ন ও সম্পদের বণ্টন নিশ্চিতের দাবি জানান এনসিপির এই নেতা।
জেলা পরিষদের বর্তমান গঠন নিয়ে সমালোচনা করে তিনি বলেন, জেলা পরিষদগুলোর নির্বাচিত প্রতিনিধিত্ব নিশ্চিত করা প্রয়োজন। বর্তমানে দলীয় লোকজন দিয়ে গঠন করা হয়েছে এবং এসব পরিষদ দলীয় প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। শুধু দলীয় পরিচয়ের ভিত্তিতে নয়, সমাজে গ্রহণযোগ্য ব্যক্তিদের পাশাপাশি সব সম্প্রদায়ের প্রতিনিধিত্ব নিশ্চিত করে জেলা পরিষদ গঠন করতে হবে।
পার্বত্য অঞ্চলের শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের ওপর গুরুত্বারোপ করে সারজিস বলেন, পাহাড়ের মানুষের ন্যায্য অধিকার ও উন্নয়ন নিশ্চিত করতে হবে।