• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী: ৫ দিনের কর্মসূচি ঘোষণা

ইউনাইটেড ডেস্ক / ৫৯ Time View
Update : বুধবার, ২৬ আগস্ট, ২০২৬

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নানা কর্মসূচি গ্রহণ করেছে দলটি। আগামী ১ সেপ্টেম্বর প্রতিষ্ঠাবার্ষিকী সফল করতে কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে এক সভায় পাঁচ দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

বুধবার (২৬ আগস্ট) সভা শেষে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। যৌথ সভায় উপস্থিত ছিলেন- বিএনপির যুগ্ম মহাসচিবরা, ঢাকা উত্তর ও দক্ষিণ বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক, আহ্বায়ক, সদস্যসচিব এবং বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষ নেতারা।

সভা শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে রিজভী বলেন, “প্রতিষ্ঠাবার্ষিকীর মূল দিন ১ সেপ্টেম্বর সকাল ৯টায় বিএনপির চেয়ারম্যান ও প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও ফাতেহা পাঠের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হবে। এ কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী ও দলের চেয়ারম্যান তারেক রহমান। ৫ সেপ্টেম্বর আলোচনা সভার আয়োজন করা হবে।”

এ ছাড়া পাঁচ দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে সারা দেশে মৎস্য অবমুক্তকরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হবে। মৎস্য অবমুক্তকরণ কর্মসূচির নেতৃত্ব দেবেন বিএনপি নেতা হাবিবুন্নবী খান সোহেল। বৃক্ষরোপণ কর্মসূচির নেতৃত্বে থাকবেন দলের যুগ্ম মহাসচিব শহীদউদ্দিন চৌধুরী এ্যানি।

রিজভী বলেন, “বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন দেশের এক ক্ষণজন্মা পুরুষ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তিনি মাতৃভূমির মুক্তির জন্য দিশাহীন জাতিকে স্বাধীনতার ঘোষণা দিয়ে উজ্জীবিত করেছিলেন। সাধারণ জনগণ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, ছাত্র, শিক্ষক, কৃষক ও শ্রমিককে মুক্তিযুদ্ধে অবতীর্ণ হওয়ার প্রেরণা ও উৎসাহ জুগিয়েছিলেন তিনি।”

তিনি বলেন, “দেশের এক ক্রান্তিকালে ১৯৭৫ সালের ৭ নভেম্বর এই ক্ষণজন্মা মানুষটি রাষ্ট্রক্ষমতা গ্রহণ করেন এবং রাষ্ট্রক্ষমতার পাদপ্রদীপের সামনে আসেন। রাষ্ট্রের হাল ধরার আগে যত অনাচার, অবিচার, গণতন্ত্র হরণ, হত্যা, কথা বলার স্বাধীনতা ও চলাচলের স্বাধীনতা যেভাবে লঙ্ঘিত হয়েছিল, তিনি ক্ষমতায় আসার পর সেসব পুনরায় চালু করেন। বহুদলীয় গণতন্ত্র চালু হয়, ভিন্ন মতাবলম্বী সংবাদপত্র প্রকাশিত হতে থাকে এবং রাজনৈতিক দল করার অধিকার নিশ্চিত হয়। মানুষ ভয়ংকর দুর্বিপাকের রুদ্ধশ্বাস অবস্থা থেকে মুক্তি লাভ করে।”

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, “শহীদ জিয়াউর রহমান এ দেশের এক ক্ষণজন্মা রাষ্ট্রনায়ক ও সাবেক রাষ্ট্রপতি। তিনি তিনটি প্রত্যয়কে সামনে রেখে বিএনপি গঠন করেছিলেন- স্বাধীনতা ও সার্বভৌমত্ব সুরক্ষা এবং গণতন্ত্র। এই স্পিরিটকে ধারণ করে তিনি দেশকে উন্নয়ন ও উৎপাদনের দ্রুততম পথে অগ্রসর করেছিলেন।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category