• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন
শিরোনাম :

তানোরে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর ধন্যবাদ জ্ঞাপন ও সমাপনী অনুষ্ঠান

Reporter Name / ২ Time View
Update : সোমবার, ২৪ আগস্ট, ২০২৬

সৈয়দ মাহামুদ শাওন, রাজশাহী থেকে ::
রাজশাহীর তানোরে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের তানোর এরিয়া ডেভেলপমেন্ট প্রোগ্রামের (এডিপি) ১৭ বছরের উন্নয়ন কার্যক্রমের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আগামী ৩০ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রম শেষ হবে। এ উপলক্ষে সোমবার সকাল সাড়ে ১০টায় তানোর উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে জানানো হয়, দীর্ঘ ১৭ বছরে তানোর পৌরসভা ও মুন্ডুমালা পৌরসভাসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নে শিক্ষা, শিশুসুরক্ষা, শিশুকল্যাণ ও সামাজিক উন্নয়নসহ নানা কর্মসূচি বাস্তবায়ন করেছে ওয়ার্ল্ড ভিশন। এসব কার্যক্রমের মাধ্যমে শিশু ও যুবকদের অংশগ্রহণ বাড়ানো, শিশুদের অধিকার ও সুরক্ষা নিশ্চিত করা এবং স্থানীয় পর্যায়ে সামাজিক উন্নয়নে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে।
অনুষ্ঠানের শুরুতে অতিথিদের স্বাগত জানানো ও আসন গ্রহণের পর জাতীয় সংগীত পরিবেশন করা হয়। পরে পবিত্র কোরআন, গীতা ও বাইবেল থেকে পাঠ করা হয়। শিশু ও যুব ফোরামের সদস্যদের অংশগ্রহণে সাংস্কৃতিক পরিবেশনাও অনুষ্ঠিত হয়। পরে তানোর এডিপির ১৭ বছরের কার্যক্রম ও অর্জনের ওপর একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়। এ সময় সমাপনী প্রতিবেদন ও বিভিন্ন সাফল্যের গল্প তুলে ধরা হয়। অনুষ্ঠানে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের পক্ষ থেকে তানোর এডিপির দীর্ঘদিনের কার্যক্রম, অর্জন এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
আলোচনা পর্বে বক্তারা বলেন, দীর্ঘ সময় ধরে তানোরে শিক্ষা, শিশুসুরক্ষা, সামাজিক উন্নয়ন ও শিশুদের অধিকার প্রতিষ্ঠায় ওয়ার্ল্ড ভিশনের বিভিন্ন কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। ভবিষ্যতে এসব অর্জন ও উদ্যোগ টেকসই করতে স্থানীয় জনগোষ্ঠী, সরকারি প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি ও অন্যান্য অংশীজনকে আরও সক্রিয় ভূমিকা রাখতে হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনের সংসদ সদস্য অধ্যাপক মো. মুজিবুর রহমান। তিনি স্থানীয় জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে অনুষ্ঠানে অংশ নেন।
সভাপতিত্ব করেন তানোর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিব শংকর বসাক। বিশেষ অতিথি ছিলেন তানোর থানার তদন্ত কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শহিদুল ইসলাম, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের ভারপ্রাপ্ত ন্যাশনাল ডিরেক্টর চন্দন জেড গমেজ, নর্দান বাংলাদেশ ক্লাস্টারের ফিল্ড অপারেশনস ডেপুটি ডিরেক্টর রাজু উইলিয়াম রোজারিও, রাজশাহী এরিয়া ডেভেলপমেন্ট প্রোগ্রাম কোঅর্ডিনেশন অফিসের সিনিয়র ম্যানেজার লোটাস চিসিম এবং অন্তর্বর্তীকালীন এডিপি ম্যানেজার এন্ড্রিকাস মুর্মু।
এ ছাড়া ওয়ার্ল্ড ভিশনের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, স্থানীয় জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থী, উপকারভোগী, শিশু ও যুব ফোরামের সদস্য এবং উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেন, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন এলাকায় শিশু সুরক্ষা, শিক্ষা, স্বাস্থ্য, জীবিকা ও সামাজিক উন্নয়ন নিয়ে কাজ করে আসছে। প্রতিষ্ঠানটির এরিয়া ডেভেলপমেন্ট প্রোগ্রামগুলো দীর্ঘমেয়াদি ও টেকসই উন্নয়নের লক্ষ্য নিয়ে পরিচালিত হয়।
পরে শিশু ও যুব ফোরামের সদস্যদের অংশগ্রহণে নৃত্য ও সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়। সবশেষে অতিথিদের সম্মাননা প্রদান ও মধ্যাহ্নভোজের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ তানোর এডিপির স্পনসরড শিশু ও যুব ফোরামের সদস্য মুক্তা খাতুন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category