দিনাজপুরের হাকিমপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর মামলায় মোবাইল কোর্টের মাধ্যমে দুই ব্যক্তিকে ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। একইসঙ্গে মাদকসহ বিভিন্ন মামলায় গ্রেপ্তার ও ওয়ারেন্টভুক্ত আরও সাত আসামিকে আদালতে পাঠিয়েছে পুলিশ।
শনিবার (২২ আগস্ট) হাকিমপুর থানা পুলিশের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।
মোবাইল কোর্ট মামলা নং-৭৩-এর মাধ্যমে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় বৈগ্রাম এলাকার মৃত কফিল উদ্দিনের ছেলে মো. শাহ আলম (৫২) এবং মোবাইল কোর্ট মামলা নং-৭৪-এর মাধ্যমে একই ধারায় বৈগ্রাম এলাকার মৃত শাহারির ছেলে মো. দেলোয়ার হোসেনকে (৪৫) ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। পরে তাদের দিনাজপুর জেলা কারাগারের জেল সুপারের কাছে পাঠানো হয়েছে।
এছাড়া হাকিমপুর থানার মামলা নং-১৭, তারিখ ২২ আগস্ট ২০২৬, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক)/২৯(ক) ধারায় মো. সাকিল হোসেন সজিবকে (২৭) গ্রেপ্তার করা হয়।
অন্যদিকে বিভিন্ন মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি হিসেবে মো. রাজিব রহমান (৩০), মো. আতিকুর রহমান রিফাত (২০), মো. আরিফুল ইসলাম (৩২), মো. আশরাফুল ইসলাম (৩৮), মো. আরিফুল ইসলাম সাগর (৩২) ও মো. সজিব হোসেন ওরফে সজিবকে (২৬) গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানায়, গ্রেপ্তারদের যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে দিনাজপুর সদর কোর্টে পাঠানো হয়েছে।
হাকিমপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।