নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় সোকোতো রাজ্যে একটি অতিরিক্ত যাত্রীবোঝাই নৌকা উল্টে অন্তত ৫০ জনেরও বেশি মানুষের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহতদের একটি বড় অংশই শিশু বলে স্থানীয় উদ্ধারকারী ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, গতকাল বৃহস্পতিবার (২০ আগস্ট) সোকোতো রাজ্যের গোরোনিও প্রশাসনিক এলাকার গোরাউ গ্রামের কাছে এই ঘটনা ঘটে।
দেশটির অভ্যন্তরীণ নৌপথ কর্তৃপক্ষের (এনআইডব্লিউএ) স্থানীয় ব্যবস্থাপক আবদুল কাদির ইউসুফ জানান, নদী থেকে এখন পর্যন্ত অন্তত ৪০ জন শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ অন্যদের সন্ধানে নিরাপত্তা বাহিনী ও স্থানীয় ডুবুরিদের সমন্বয়ে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।
স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীদের মতে, দুর্ঘটনাকবলিত নৌকাটিতে মূলত ধান কাটার কাজে নিয়োজিত কৃষক ও খুদে দিনমজুরেরা ছিলেন। ধারণক্ষমতার অতিরিক্ত অর্থাৎ প্রায় ৫৭ থেকে ৭০ জনেরও বেশি যাত্রী তোলার কারণে জলযানটি মাঝনদীতে নিয়ন্ত্রণ ও ভারসাম্য হারিয়ে উল্টে যায়।
সোকোতো রাজ্য আইনসভার স্থানীয় সদস্য নাসিরু আদামু জানান, নৌকায় থাকা যাত্রীদের বড় একটি অংশের বয়স ছিল ১০ থেকে ১৫ বছরের মধ্যে। নদী থেকে এ পর্যন্ত ১৬ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।
শারহাবিলু কিলিয়া নামের স্থানীয় এক বাসিন্দা গণমাধ্যমকে জানান, যৌথ জানাজা ও গণদাফনের আগে স্থানীয় একটি মসজিদের আঙিনায় ৫০টি মরদেহ শায়িত রাখা হয়েছিল। হাসপাতালে নেওয়ার পর মৃতের সংখ্যা ৫৩ ছাড়িয়ে যায়।
পশ্চিম আফ্রিকার দেশ নাইজেরিয়ায় বর্ষা মৌসুমে অতিরিক্ত যাত্রী পরিবহন, নৌকার পর্যাপ্ত রক্ষণাবেক্ষণের অভাব এবং লাইফ জ্যাকেটসহ প্রয়োজনীয় নিরাপত্তা বিধি না মানার কারণে প্রায়শই এই ধরনের মর্মান্তিক নৌদুর্ঘটনা ঘটে থাকে। এর আগে চলতি বছরের জানুয়ারি মাসে দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় ইয়োবে রাজ্যে একটি লিক হওয়া নৌকা ডুবে অন্তত ২৫ জন প্রাণ হারিয়েছিলেন।