নৌযান শুমারি ২০২৬ উপলক্ষে লক্ষ্মীপুরে জোনাল অফিসার ও তথ্য সংগ্রহকারীগণের তিনব্যাপী প্রশিক্ষণের সমাপনী ও বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৭ আগস্ট) দুপুরে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে নৌপরিবহন অধিদপ্তর এবং বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) যৌথ উদ্যোগে তিনব্যাপী প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত হয়েছে।
নৌযান শুমারি ২০২৬-এর মূল তথ্যসংগ্রহ কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, শুমারির গুরুত্ব ও উদ্দেশ্য সম্পর্কে জনগণকে অবহিত করা এবং শুমারিতে তথ্য প্রদানে উৎসাহিত করার লক্ষ্যে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক এস এম মেহেদী হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সম্রাট খীসা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্যাথোয়াইপ্রু মারমা, লক্ষ্মীপুর জেলা পরিসংখ্যান অফিস এর উপপরিচালক মোহাম্মদ কামাল হোসেন, সদর উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মোঃ জাকির হোসেন, রামগঞ্জ উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মোঃ নূর নবী প্রমুখ।
আয়োজকরা জানান, ১৫-১৭ আগস্ট তিনব্যাপী এ প্রশিক্ষণ সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত দেওয়া হয়েছে। আজ সমাপনী দিনে এক বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। এতে আমন্ত্রিত অতিথি, প্রশিক্ষণার্থী ও রোভার স্কাউটসের সদস্যরা অংশ নেন।
দেশের সমুদ্রগামী, উপকূলীয় এবং অভ্যন্তরীণ জলসীমায় চলাচলকারী ইঞ্জিনচালিত সকল নৌযানের ডাটাবেইজ প্রবর্তনের লক্ষ্যে দেশে প্রথমবারের মতো আগামী ২০-২৯ আগস্ট ২০২৬ সময়ে নৌযান শুমারি ২০২৬ পরিচালিত হবে৷
লক্ষ্মীপুরে ২০ আগস্ট ২০২৬ থেকে শুরু হতে যাওয়া নৌযান শুমারিতে মোট ৫৬ জন গণননাকারী জেলার সকল ইঞ্জিনচালিত নৌযানের তথ্য সংগ্রহ করবেন। তন্মধ্যে, রামগতি উপজেলায় ২০ জন, কমলনগর উপজেলায় ১৯ জন, সদর উপজেলায় ১০জন ও রায়পুর উপজেলায় ৭ জন গণনাকারী তথ্য সংগ্রহ করবেন।