• মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন

জবিতে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ

জবি প্রতিনিধি / ৯ Time View
Update : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৪ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যানের উপস্থিতিতে আয়োজিত একটি অনুষ্ঠানের সময় সংঘর্ষে জড়িয়ে পড়েন উভয়পক্ষের নেতাকর্মীরা।

এ ঘটনায় জকসু ভিপি, জিএসসহ ছাত্রশক্তি ও সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের নেতাকর্মীরা আহত হয়েছেন বলে জানা গেছে।

ঘটনার পর ক্যাম্পাসজুড়ে অতিরিক্ত সতর্কতা জারি করা হয়েছে। ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ পয়েন্টে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের অবস্থান নিতে দেখা যায়। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে থাকলেও শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ বিরাজ করছে।

ক্যাম্পাস সূত্র জানায়, বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে আয়োজিত পূর্বনির্ধারিত ‘জুলাই গণঅভ্যুত্থান’ আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠান চলাকালে ছাত্রশিবিরের নেতাকর্মীরা বিভিন্ন দাবি-দাওয়া তুলে মিছিল ও স্লোগান দিচ্ছিলেন। এতে অনুষ্ঠানস্থলে উত্তেজনা সৃষ্টি হয়। এ সময় ছাত্রদলের নেতাকর্মীদের সঙ্গে তাদের বাকবিতণ্ডার শুরু হলে একপর্যায়ে তা ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষে রূপ নেয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষের সময় উভয় পক্ষের নেতাকর্মীরা ক্যাম্পাসের বিভিন্ন স্থানে অবস্থান নেন।

এক পর্যায়ে দুই পক্ষের তুমুল সংঘর্ষ শুরু হয়। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

সংঘর্ষে শিবিরের নেতাকর্মীদের পাশাপাশি জকসু ভিপি রিয়াজুল ইসলাম, জিএস আব্দুল আলিম আরিফ, ছাত্রশক্তি ও সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের নেতাকর্মীরা আহত হন। এছাড়া জবি প্রেস ক্লাবের অর্থ-সম্পাদক কামরুজ্জামান গুরুতর আহত হন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন, ছাত্রদল কিংবা ছাত্রশিবিরের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category