• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৪:১০ অপরাহ্ন

কৃষিপণ্য রপ্তানিতে কাজ করছে সরকার: কৃষিমন্ত্রী

গাজীপুর প্রতিনিধি: / ৬ Time View
Update : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬

বাংলাদেশকে বৈশ্বিক কৃষিপণ্যের অন্যতম নির্ভরযোগ্য রপ্তানিকারক দেশে পরিণত করার লক্ষ্য নিয়ে সরকার ধারাবাহিকভাবে কাজ করছে বলে জানিয়েছেন কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। তিনি বলেন, কৃষিকে শুধু দেশের খাদ্য নিরাপত্তার মধ্যে সীমাবদ্ধ না রেখে আন্তর্জাতিক বাজারে শক্তিশালী অবস্থান তৈরি করাই সরকারের দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ।

মঙ্গলবার (২৮ জুলাই) সকালে গাজীপুরে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) পরিদর্শন শেষে সাংবাদিকদের কাছে তিনি এসব কথা বলেন।

কৃষিমন্ত্রী বলেন, “কৃষিপণ্যকে দেশের অন্যতম প্রধান রপ্তানি খাতে রূপ দিতে সরকার পরিকল্পিতভাবে কাজ করছে। গবেষণা, আধুনিক প্রযুক্তি ও মানসম্মত উৎপাদনের মাধ্যমে ভবিষ্যতে বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশের কৃষিপণ্যের বাজার আরো সম্প্রসারিত হবে।”

সারের সরবরাহ নিয়ে বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, “দেশে সারের কোনো সংকট নেই। পর্যাপ্ত মজুত রয়েছে। একটি মহল কৃত্রিম সংকট তৈরির অপচেষ্টা চালাচ্ছে। এ বিষয়ে সরকার সতর্ক রয়েছে এবং কৃষকদের কাছে সার পৌঁছে দিতে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।”

মোহাম্মদ আমিন উর রশিদ বলেন, “নিরাপদ খাদ্য উৎপাদন নিশ্চিত করা, কৃষির উৎপাদনশীলতা বাড়ানো এবং আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতামূলক কৃষিপণ্য সরবরাহের জন্য গবেষণানির্ভর কৃষি ব্যবস্থার বিকল্প নেই।” তিনি সংশ্লিষ্ট গবেষণা প্রতিষ্ঠানগুলোর প্রতি উদ্ভাবিত প্রযুক্তি ও নতুন জাত দ্রুত মাঠপর্যায়ে পৌঁছে দিয়ে কৃষকদের উৎপাদন সক্ষমতা বাড়াতে আরও কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান।

পরিদর্শন শেষে কৃষি-সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় অংশ নেন তিনি।

সভায় উপস্থিত ছিলেন- গাজীপুর-২ আসনের সংসদ সদস্য এম. মঞ্জুরুল করিম রনি, কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. রফিকুল ইসলাম, কৃষিবিজ্ঞানী, শিক্ষক এবং বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটেে (বারি) কর্মকর্তা-কর্মচারীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category