সুদীর্ঘ ২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশ যে টেস্ট সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশ ক্রিটেক দল। এই সিরিজে সাইড স্ট্রেইনের চোটে আগেই ছিটকে গেছে টাইগার পেসার নাহিদ রানা। কিন্তু সকলকে অবাক করে দিয়ে সবার আগেই তাসকিনের সঙ্গে অস্ট্রেলিয়াগামী বিমানে চেপে বসলেন নাহিদ। ঘটনায় তাসকিনকে নিয়ে কৌতুহল না জাগলেও নাহিদের ব্যাপারটা সবাইকে অবাক করেছে।
অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজে চোটের কারণে খেলার সুযোগ হচ্ছে না নাহিদ রানার। সাইড স্ট্রেইনের চোটে আগেই ছিটকে গেছেন বাংলাদেশের এই তরুণ পেসার। তবে টেস্ট দলে না থাকলেও শেষ পর্যন্ত চিকিৎসার জন্য অস্ট্রেলিয়াগামী বিমানে উঠতে হয়েছে তাকে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নাহিদকে উন্নত চিকিৎসার জন্য অস্ট্রেলিয়ায় পাঠিয়েছে। দীর্ঘদিন ধরে শিনবোনের সমস্যায় ভুগছেন ডানহাতি এই পেসার। সেই পুরোনো সমস্যার বিস্তারিত পরীক্ষা-নিরীক্ষা ও বিশেষজ্ঞ চিকিৎসা নেওয়ার উদ্দেশ্যেই সোমবার (২৭ জুলাই) রাতে অস্ট্রেলিয়ার উদ্দেশে দেশ ছেড়েছেন তিনি।
বাংলাদেশের ২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলার ঐতিহাসিক সফরে নাহিদের না থাকা দলের জন্য বড় ধাক্কা। সাম্প্রতিক সময়ে গতি ও ধারাবাহিক পারফরম্যান্সে জাতীয় দলের পেস আক্রমণের গুরুত্বপূর্ণ সদস্য হয়ে উঠেছিলেন তিনি। তবে পুনর্বাসন ও চিকিৎসাকে অগ্রাধিকার দিয়ে তাকে এই সফরে খেলানো হচ্ছে না।
নাহিদের সঙ্গে একই সময়ে অস্ট্রেলিয়ায় গেছেন জাতীয় দলের আরেক পেসার তাসকিনও। কাঁধের সমস্যার কারণে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে দলের অন্য সদস্যদের আগেই রওনা হয়েছেন তিনি। চিকিৎসা শেষ করে সে দেশেই বাংলাদেশ টেস্ট দলের সঙ্গে যোগ দেওয়ার কথা রয়েছে বাংলাদেশের অন্যতম অভিজ্ঞ এই পেসারের।
বাংলাদেশ দলের মূল বহর অস্ট্রেলিয়ার উদ্দেশে রওনা দেবে ৩১ জুলাই দিবাগত রাতে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ এই সফরে দুটি টেস্ট ম্যাচ খেলবে বাংলাদেশ। প্রথম টেস্ট শুরু হবে ১৩ আগস্ট ডারউইনের মারারা ওভালে। দ্বিতীয় ও শেষ টেস্ট অনুষ্ঠিত হবে ২২ আগস্ট থেকে ম্যাকাইয়ের গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনায়।
এই সফরে টেস্ট ম্যাচ ছাড়া বাংলাদেশের আর কোনো সূচি নেই। তাই সিরিজ শুরুর আগেই দুই প্রধান পেসার নাহিদ ও তাসকিনের শারীরিক অবস্থার উন্নতি বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। নাহিদ এবার মাঠে নামতে না পারলেও চিকিৎসা শেষে দ্রুত সুস্থ হয়ে ফেরাই এখন তার এবং দলের প্রধান লক্ষ্য।