• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন

আত্রাইয়ে কৃষক কার্ডের তথ্য সংগ্রহ শুরু

নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: / ২৩ Time View
Update : শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬

প্রধানমন্ত্রীর নির্বাচনী ইশতেহারে ঘোষিত পদক্ষেপ ‘কৃষক কার্ড’ বাস্তবায়নের লক্ষ্যে দেশের প্রতিটি উপজেলার ন্যায় নওগাঁর আত্রাইয়ে কৃষকদের তথ্য সংগ্রহ কার্যক্রমের শুরু হয়েছে। শুক্রবার (১৭ জুলাই) সকাল ৯ টায় উপজেলা কৃষি অফিসের আয়োজনে ডিজিটাল পদ্ধতিতে এই কার্যক্রম শুরু হয়।

প্রাথমিক পর্যায়ে উপজেলার মনিয়ারি ইউনিয়নের ঐতিহ্যবাহী পতিসর একটি কৃষি ব্লকে এই কার্যক্রমের শুভ সূচনা করা হয়। সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে মোবাইল অ্যাপস ব্যবহার করে এই তথ্য সংগ্রহ করা হচ্ছে।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, কৃষকদের ভোগান্তি কমাতে এবং সঠিক ও নির্ভুল উপাত্ত নিশ্চিত করতে এবার উপ-সহকারী কৃষি কর্মকর্তাগণ প্রতিদিন সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত সরাসরি কৃষকদের নিজ নিজ বাড়িতে গিয়ে এই তথ্য সংগ্রহ করবেন। তথ্য সংগ্রহের সময় সংশ্লিষ্ট কৃষককে সশরীরে নিজ বাড়িতে উপস্থিত থাকতে হবে।

এছাড়া কৃষকের জাতীয় পরিচয়পত্রের মূল কপি প্রদর্শন, একজন মনোনীত ব্যক্তি (নমিনি) ও নমিনির মূল এনআইডি কার্ডসহ উপস্থিতি নিশ্চিত করতে হবে। পাশাপাশি সঠিক কৃষি সংক্রান্ত (জমির পরিমাণ, ফসলের ধরণ ইত্যাদি) তথ্য দিয়ে সংগ্রাহককে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।

এই উদ্যোগ প্রসঙ্গে আত্রাই উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ প্রসেনজিৎ তালুকদার বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে ‘কৃষক কার্ড’ একটি যুগান্তকারী মাইলফলক। এর মাধ্যমে প্রকৃত প্রান্তিক কৃষকদের নিখুঁত ডিজিটাল ডাটাবেজ তৈরি হবে, যার ফলে সরকারি প্রণোদনা, ঋণ ও সকল সুযোগ-সুবিধা সরাসরি কৃষকের দোরগোড়ায় পৌঁছে দেওয়া সম্ভব হবে।

তিনি আরও বলেন, আমাদের উপ-সহকারী কৃষি কর্মকর্তাগণ ডিজিটাল অ্যাপসের মাধ্যমে সরাসরি মাঠে ও কৃষকদের বাড়ি বাড়ি গিয়ে কাজ করবেন। আমি সম্মানিত কৃষক-কৃষাণী ভাই ও বোনদের অনুরোধ করব, আপনারা আপনাদের সঠিক তথ্য দিয়ে আমাদের কর্মকর্তাদের সহযোগিতা করুন, যাতে সরকারের এই উদ্যোগটি শতভাগ সফল হয়।

উপজেলা কৃষি বিভাগ আশা প্রকাশ করছে, পতিসর ব্লকের সফল বাস্তবায়নের পর পর্যায়ক্রমে উপজেলার সকল ইউনিয়নে দ্রুততার সাথে এই ডিজিটাল কৃষক কার্ডের তথ্য সংগ্রহের কাজ সম্পন্ন করা হবে। প্রতিদিন সকাল ৯ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত তথ্য সংগ্রহ কার্যক্রম চলবে।

উক্ত কার্যক্রমটি সুষ্ঠু ও সফলভাবে বাস্তবায়নে সংশ্লিষ্ট ইউনিয়নের সকল পর্যায়ের জনপ্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সক্রিয়ভাবে সংযুক্ত হয়েছেন। কৃষকদের ডিজিটাল ডাটাবেজ তৈরির লক্ষ্যে চলমান এই তথ্য ও ডাটা সংগ্রহ কার্যক্রম আগামী ০৪ আগস্ট ২০২৬ ইং তারিখ পর্যন্ত চলবে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category