• শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন

শিক্ষার্থীদের আন্দোলনে উসকানিদাতাদের গুরুত্ব দিচ্ছে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

Reporter Name / ২২ Time View
Update : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে চলমান শিক্ষার্থীদের আন্দোলনের আড়ালে সরকারকে বিব্রত করার কোনো মহল সক্রিয় থাকতে পারে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এমন তৎপরতাকে সরকার খুব বেশি গুরুত্ব দিচ্ছে না বলেও জানান তিনি।

বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে পুলিশের সাহসিকতা ও প্রশংসনীয় কাজের স্বীকৃতিস্বরূপ পুরস্কার ও সম্মাননা প্রদান অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেন মন্ত্রী।

শিক্ষার্থীদের আন্দোলনের পেছনে কোনো গোষ্ঠীর সম্পৃক্ততা বা সরকারকে বিব্রত করার চেষ্টা রয়েছে কি না এমন প্রশ্নের জবাবে সালাহউদ্দিন আহমদ বলেন, সরকারকে বিব্রত করতে চায় এমন কিছু মহল তো আছেই। তারা বিভিন্ন ইস্যুতে নিজেদের পরিচয় গোপন করে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করে। যারা আন্দোলন করছে, তাদের মধ্যে অনেককে দেখা যায় তারা প্রকৃত ছাত্র বা পরীক্ষার্থীই নয়।

তিনি বলেন, পরীক্ষার্থীদের দাবির বিষয়ে সরকার ইতোমধ্যে সুস্পষ্ট সিদ্ধান্ত জানিয়েছে। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে কোনো শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিতে না পারলে তাকে পুনরায় পরীক্ষা দেওয়ার সুযোগ দেওয়া হবে। চট্টগ্রাম শিক্ষা বোর্ডের স্থগিত পরীক্ষার সঙ্গে একই প্রশ্নপত্রে তাদের পরীক্ষা নেওয়া হবে।

মন্ত্রী বলেন, পদার্থবিজ্ঞান পরীক্ষার দুটি ভুল প্রশ্নের বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় তদন্ত করছে। দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবং ওই প্রশ্ন দুটির নম্বর পরীক্ষার্থীদের যোগ করে দেওয়ার সিদ্ধান্তও হয়েছে।

সালাহউদ্দিন আহমদ বলেন, একটি মন্তব্যে অনেকেই কষ্ট পেয়েছিলেন। শিক্ষামন্ত্রী সংসদে এ বিষয়ে দুঃখ প্রকাশ করেছেন। এরপরও বিষয়টি নিয়ে আন্দোলন চালিয়ে যাওয়ার যৌক্তিকতা নেই।

সরকার আন্দোলনকে কতটা গুরুত্ব দিচ্ছে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা বিষয়টিকে খুব একটা গুরুত্বের সঙ্গে নিচ্ছি না। দুই-একটি জেলা এবং ঢাকার কয়েকটি স্থানে কিছু মানুষকে দেখা গেছে। মিডিয়ায় আসার কারণে বিষয়টি বড় মনে হচ্ছে।

সড়ক অবরোধে জনভোগান্তির বিষয়ে তিনি বলেন, অতীতে সচিবালয়ে ঢুকে দাবি আদায় বা বিনা পরীক্ষায় পাসের মতো একটি অপসংস্কৃতি তৈরি হয়েছিল। সেই প্রবণতা এখনো কিছু মানুষের মধ্যে রয়ে গেছে। আমরা শিক্ষার মান নষ্ট হয় এমন কোনো কিছুই অনুমোদন করব না। নকলমুক্ত পরিবেশে পরীক্ষা নিতে চাই। অতীতে অটোপাস, নম্বর বাড়িয়ে দেওয়া ও জিপিএ-৫-এর অপসংস্কৃতির কারণে শিক্ষার মান অনেক নিচে নেমে গিয়েছিল। এখন আমরা প্রকৃত শিক্ষিত, জ্ঞানভিত্তিক ও প্রযুক্তিনির্ভর একটি জাতি গড়তে চাই। এ বিষয়ে কোনো আপস হবে না।

আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রশাসনিক আদেশে কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করার পক্ষে সরকার নয়। সবকিছু আইনি ও বিচারিক প্রক্রিয়ায় হওয়াই আমাদের নীতিগত অবস্থান।

সালাহউদ্দিন আহমদ বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে সংশোধনের মাধ্যমে এখন ব্যক্তি নয়, সংগঠনেরও বিচার করা সম্ভব। মানবতাবিরোধী অপরাধ, গণহত্যা ও যুদ্ধাপরাধের অভিযোগে আওয়ামী লীগের বিরুদ্ধে তদন্ত চলছে। তদন্ত শেষে অভিযোগপত্র দাখিল হলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার শুরু হবে। এ প্রক্রিয়া দ্রুত শেষ করতে তদন্ত সংস্থাকে অনুরোধ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category