• বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৭:১৪ পূর্বাহ্ন

জবি শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলা, আহত ৯

জবি প্রতিনিধি / ৩৮ Time View
Update : মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬

পুরান ঢাকার মুরগিটোলা মোড় এলাকায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটি মেসের তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মধ্যরাতে শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলার ঘটনা ঘটেছে। এ-সময় শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ ও হামলায় পুলিশ ও শিক্ষার্থী সহ ৯ জন আহত হয়েছে। হামলার এ ঘটনায় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা সড়ক অবরোধ ও আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেছে।

(মঙ্গলবার) দিবাগত রাত ১টায় পুরান ঢাকার ধূপখোলা এলাকায় মুরগিটোলা মোড়ে এ ঘটনা ঘটে।

হামলার ঘটনার খবর পেয়ে আশেপাশ থেকে শিক্ষার্থীরা জড়ো হয়ে দয়াগঞ্জ মোড় থেকে শুরু করে শ্যামবাজার, রায়সাহেব বাজার সংলগ্ন মুরগিটোলা মোড় প্রায় ২ ঘন্টা অবরোধ করে বিক্ষোভ করেন। এ-র ফলে আশেপাশের সব সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়। এ-সময় শিক্ষার্থীদের সাথে জড়ো হয়ে বিক্ষোভ করতে দেখা যায় জকসু প্রতিনিধি ও ছাত্রদল সহ অন্যান্য ছাত্র সংগঠনের নেতাকর্মীদের।

সড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ।

এরপর ঘটনাস্থলে প্রক্টরিয়াল বডির সদস্য ও ছাত্রকল্যাণ পরিচালকের হস্তক্ষেপে সড়ক অবরোধ ছেড়ে দেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। এ-সময় বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে শিক্ষার্থীদের সাথে নিয়ে গেন্ডারিয়া থানায় মামলা দায়ের করেন ভুক্তভোগী আহত শিক্ষার্থীরা।

প্রত্যক্ষদর্শী ও হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থা বিভাগের শিক্ষার্থী মনিরুজ্জামান জানান, মুরগিটোলা মোড়ে একটি বাসায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী বাসা ভাড়া নিয়ে মেসে থাকত। তাদের বাসায় পানির কল নষ্ট হয়ে গেলে আজ সন্ধ্যায় একজন কলমিস্ত্রি এসে সেটি ঠিক করে দেন।

এ-সময় ওই ব্যক্তি শিক্ষার্থীদের কাছে মজুরি চাইলে তারা বলেন,’ বাড়িওয়ালাকে আগেই ৫০০ টাকা দিয়ে দেয়া হয়েছে।’ এরপর ওই ব্যক্তি অতিরিক্ত আরও ২০০ টাকা দাবি করেন তাদের কাছে।

প্রত্যক্ষদর্শী এ শিক্ষার্থী আরও জানান, এরপর টাকা না পেয়ে ওই কলমিস্ত্রি তাদের বাসার দারজার সামনে থেকে কয়েক জোড়া জুতা নিয়ে চলে যায়। ওই ব্যক্তির এমন অদ্ভুত কর্মকান্ড দেখে শিক্ষার্থীরা প্রতিবাদ করলে তাদের সাথে হাতাহাতি হয়। একপর্যায়ে বাড়িওয়ালাকে খবর দিলে তার সামনেই ওইব্যক্তি স্থানীয় কয়েকজন মাদক সেবনকারীদের নিয়ে এসে তাদের ওপর হামলা এবং অকথ্য ভাষায় গালিগালাজ করেন।

এরপর ঘটনাস্থলে এসে বিশ্ববিদ্যালয়ের আশেপাশে থাকা অন্যান্য শিক্ষার্থীরা জড়ো জন। একপর্যায়ে বাড়িওয়ালা পুলিশকে খবর দিলে ওই মাদক সেবনকারীরা পালিয়ে যায়। এরপর ঘটনাস্থল থেকে পুলিশ ওই কলমিস্ত্রিকে আটক করে নিয়ে যাওয়ার সময় শিক্ষার্থীরা তাঁকে চড়থাপ্পড় মারলে পুলিশের সাথে শিক্ষার্থীদের হাতাহাতি হয়। একপর্যায়ে উভয়পক্ষের মধ্যে ধাক্কাধাক্কি শুরু হলে শিক্ষার্থীদের ওপর পুলিশ লাঠিচার্জ করে। এ-সময় ৪ পুলিশ সদস্য সহ ৫ শিক্ষার্থী আহত হয়।

হামলায় আহত শিক্ষার্থীরা হলেন—শাদমান মাহমুদ (১৯ ব্যাচ) আইন বিভাগ, কালন মিয়া (১৯ ব্যাচ) আইন ও ভূমি প্রশাসন, লিমন ইসলাম (১৮ ব্যাচ) গণযোগাযোগ ও সাংবাদিকতা, আজহার রাহাত (১৯ ব্যাচ) আইন বিভাগ, আম্মান (১৪ ব্যাচ) আইন বিভাগ। এ-সময় শিক্ষার্থীদের আহতের ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়েছে বলে জানিয়েছেন উপস্থিত শিক্ষার্থীরা।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ে প্রক্টর অধ্যাপক নাসিরউদ্দিন বলেন, মুরগিটোলা মোড়ে আমাদের শিক্ষার্থীদের বাসা বাড়ির একটি সমস্যা নিয়ে স্থানীয় কয়েক ব্যক্তি ও পুলিশের সাথে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। এ-সময় পুলিশের হামলায় কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেশুনেছি। আমি খবর পেয়ে সঙ্গে সঙ্গে সহকারী প্রক্টর ও ছাত্রকল্যাণ পরিচালককে পাঠিয়েছি। এখন পরিস্থিতি ঠিক আছে পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য শিক্ষার্থীদের আমরা সহযোগিতা করব।

এ ঘটনার বিষয়ে ডেমরা জোনের এডিসি মহসিন মাসুদ বলেন, একটি অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হয়। আমরা খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থল থেকে ওই ব্যক্তিকে আটক করে নিয়ে আসার সময় শিক্ষার্থীরা তাকে ছিনিয়ে নিতে গেলে হাতাহাতি হয়। এরপর পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসার জন্য পুলিশ লাঠিচার্জ করলে শিক্ষার্থী সহ আমাদের কয়েকজন সদস্য আহত হয়।

তিনি আরও বলেন, এই ঘটনায় ভুক্তভোগী শিক্ষার্থীরা মামলা দায়ের করেছে। এ বিষয়ে তদন্ত করে পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category