• বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন

তেল সংকট কাটলেও স্বাভাবিক হয়নি তিতুমীরের ‘সম্পর্ক’ বাসের রুট, ভোগান্তিতে শিক্ষার্থীরা

তিতুমীর কলেজ প্রতিনিধি: / ৯২ Time View
Update : বুধবার, ১ জুলাই, ২০২৬

 

বৈশ্বিক তেল সংকটের সময় রাজধানীর সরকারি তিতুমীর কলেজের ‘সম্পর্ক’ বাসের রুট সীমিত করা হলেও সংকট নিরসনের পরও পূর্বের রুট পুনরায় চালু হয়নি। আগে বাসটি সাইনবোর্ড পর্যন্ত চলাচল করলেও বর্তমানে তা শনির আখড়া পর্যন্ত সীমিত রয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের অভিযোগ, তেলের সংকট শেষ হলেও বাসের রুট পুনরায় সাইনবোর্ড পর্যন্ত সম্প্রসারণ করা হয়নি। এ বিষয়ে ছয় বারের বেশি আবেদন জমা দেওয়া হলেও প্রশাসন কোনো কার্যকর উদ্যোগ নেয়নি। এমনকি সপ্তাহে একদিন বাস বন্ধ রেখে রুট পুনরায় চালুর প্রস্তাব দেওয়া হলেও কলেজ প্রশাসন তাতে সাড়া দেয়নি।

এ বিষয়ে সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ইমন বলেন, আমার মতো অনেক শিক্ষার্থী এখন ‘সম্পর্ক’ বাসে যাতায়াতের সুযোগ পাচ্ছে না। সাইনবোর্ড থেকে শনির আখড়া পর্যন্ত যাতায়াতে আমাদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। প্রশাসনের বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা উচিত।

হিসাববিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সানজিদা বলেন, তেলের সংকটের কারণে বাসের রুট সীমিত করা হয়েছিল। কিন্তু এখন সংকট না থাকলেও কেন রুট পুনরায় সাইনবোর্ড পর্যন্ত চালু করা হচ্ছে না, তা বোধগম্য নয়। আমরা একাধিকবার জানিয়েছি, কিন্তু কোনো গুরুত্ব দেওয়া হয়নি। আমাদের দাবি ছিল বাসটি অন্তত চাষাড়া পর্যন্ত চালানো হোক, কারণ ওই এলাকা থেকেই অনেক শিক্ষার্থী নিয়মিত যাতায়াত করে।

কলেজের পরিবহন কমিটির আহ্বায়ক ড. কে. এম. সেলিম বলেন, এই সমস্যা নিয়ে শিক্ষার্থীরা একাধিকবার এসেছে। তবে তারা কোনো অফিসিয়াল আবেদন না দেওয়ায় আমরা কার্যকর ব্যবস্থা নিতে পারিনি। কয়েকটি বিভাগের শিক্ষার্থীরা একত্রিত হয়ে লিখিতভাবে আবেদন করলে রুট পুনরায় সাইনবোর্ড পর্যন্ত চালুর অনুমোদন দেওয়া হবে।

কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. ছদরুদ্দিন আহমদ বলেন, তেলের সংকটের কারণে মূলত এই সমস্যা হয়েছিল। এখন যেহেতু শিক্ষার্থীরা ভোগান্তির শিকার হচ্ছে, আমরা পুনরায় বাসের রুট সাইনবোর্ড পর্যন্ত চালুর ব্যবস্থা করবো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category