মৌসুমী ফল উৎসবের আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে সরকারি তিতুমীর কলেজ সাংবাদিক সমিতির (সতিকসাস) নবগঠিত কমিটির কাছে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করা হয়েছে। অনুষ্ঠানে বিদায়ী কমিটির সদস্যরা তাদের দায়িত্বকালীন অভিজ্ঞতা ও সংগঠনের বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন।
রোববার (২৮ জুন) সকালে কলেজের সাংবাদিক সমিতির কার্যালয়ে এ আয়োজন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে আম, জাম, কাঁঠাল, লিচুসহ বিভিন্ন মৌসুমী ফল দিয়ে অতিথি, সমিতির সদস্য ও শুভাকাঙ্ক্ষী সদস্যদের আপ্যায়ন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সতিকসাসের নবগঠিত কমিটির সভাপতি এইচ এম মাহিন। এতে উপস্থিত ছিলেন সাংবাদিক সমিতির শিক্ষক উপদেষ্টা রুহুল কুদ্দুস মল্লিক, উপদেষ্টা ফয়েজ রেজা, চ্যানেল টোয়েন্টিফোরের শাহরিয়ার আরিফ, এশিয়ান টেলিভিশনের মাহবুব জুয়েল, কবি ও সাংবাদিক আবিদ আজম, উপদেষ্টা তাওসিফ মাইমুন, শামীম হোসেন শিশির, সদ্য সাবেক সভাপতি সাহেদুজ্জামান সাকিব, সদ্য সাবেক সাধারণ সম্পাদক মামুনুর রশিদসহ সমিতির অন্যান্য সদস্যরা।
অনুষ্ঠানে কলেজের ছাত্র সংগঠন গুলোর মধ্যে জাতীয়তাবাদী ছাত্রদল, ইসলামী ছাত্রশিবির, জাতীয় ছাত্রশক্তি ও ইসলামী ছাত্র আন্দোলনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, মৌসুমী ফল উৎসব শিক্ষার্থীদের বিভিন্ন দেশি ফল সম্পর্কে জানার সুযোগ করে দেয় এবং এসব ফলের পুষ্টিগুণ ও উপকারিতা সম্পর্কে সচেতনতা তৈরি করে। তারা আরও বলেন, এ ধরনের আয়োজন সৌহার্দ্য ও সাংগঠনিক সম্প্রীতি বৃদ্ধিতে ভূমিকা রাখে।
এ সময় সমিতির সাবেক নেতারা তাদের দায়িত্বকালীন অভিজ্ঞতা ও স্মৃতিচারণ তুলে ধরেন এবং সংগঠনের ধারাবাহিক কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে মতামত দেন।
এছাড়া বিভিন্ন ছাত্রসংগঠনের প্রতিনিধিরা সাংবাদিক সমিতির কার্যক্রম ও ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে তাদের ভাবনা প্রকাশ করেন। তারা সংগঠনের স্বচ্ছতা, কার্যক্রমের পরিসর বৃদ্ধি এবং শিক্ষার্থীবান্ধব উদ্যোগ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।
অন্যদিকে, সমিতির বর্তমান সদস্যরা সংগঠনের উন্নয়ন ও কার্যক্রমকে আরও সুসংগঠিত ও কার্যকর করতে বিভিন্ন গঠনমূলক পরামর্শ প্রদান করেন।
অনুষ্ঠান শেষে বিদায়ী কমিটির সদস্যদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। পরে আনুষ্ঠানিকভাবে নবগঠিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করেন বিদায়ী সভাপতি ও সাধারণ সম্পাদক।