বিশ্বকাপে গ্রুপ পর্বের শেষ ম্যাচে ঘানাকে ২-১ গোলে হারিয়েছে ক্রোয়েশিয়া। এই জয়ে গ্রুপ ‘এল’-এর রানার্সআপ হিসেবে রাউন্ড অব ৩২ নিশ্চিত করেছে ২০১৮ সালের রানার্সআপরা।
২৭ জুন (শনিবার) বাংলাদেশ সময় রাত ৩টায় যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় মুখোমুখি হয় দুদল।
ম্যাচের ৩৩তম মিনিটে দূরপাল্লার শটে ক্রোয়েশিয়াকে এগিয়ে দেন পিটার সুচিচ। প্রথমার্ধে পিছিয়ে পড়লেও দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ায় ঘানা। ৭৩তম মিনিটে সেট-পিস থেকে গোল করে সমতা ফেরান ডেরিক লুকাসেন।
তবে, বেশিক্ষণ সমতায় থাকতে পারেনি ঘানা। ৮৩তম মিনিটে লুকা মডরিচের নিখুঁত কর্নার থেকে দারুণ হেডে জয়সূচক গোল করেন নিকোলা ভ্লাসিচ।
প্রথমার্ধে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা জাগলেও, অন্য ম্যাচে ইংল্যান্ড পানামাকে হারানোয় রানার্সআপ হয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে ক্রোয়েশিয়াকে।
এই জয়ে নকআউট পর্বে গ্রুপ ‘কে’-এর রানার্সআপ দলের মুখোমুখি হবে ক্রোয়েশিয়া। অন্যদিকে, আগের দুই ম্যাচের ফলের সুবাদে শেষ ৩২ আগেই নিশ্চিত করা ঘানাও নকআউট পর্বে খেলবে গ্রুপ ‘কে’-এর চ্যাম্পিয়ন দলের বিপক্ষে।