• শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন

নির্বাচনী ব্যয়ের হিসাব না দেওয়ায় এনসিপিসহ ৭দলকে ইসির শোকজ

ইউনাইটেড ডেস্ক / ২৯ Time View
Update : শুক্রবার, ২৬ জুন, ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের নির্বাচনী ব্যয়ের হিসাব বর্ধিত সময়ের মধ্যেও জমা না দেওয়ায় এনসিপিসহ সাতটি রাজনৈতিক দলকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। নোটিশে কেন ১০ হাজার টাকা জরিমানা করে ব্যয়ের হিসাব জমা দেওয়ার নির্দেশ দেওয়া হবে না, সে বিষয়ে অনতিবিলম্বে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

২৫ জুন (বৃহস্পতিবার) নির্বাচন কমিশনের উপসচিব মোহাম্মদ মনির হোসেন এ তথ্য জানান।

ইসি সূত্র জানায়, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৫০টি নিবন্ধিত রাজনৈতিক দল অংশ নেয়। ফলাফলের গেজেট প্রকাশিত হয় ১৩ ফেব্রুয়ারি। গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) অনুযায়ী, গেজেট প্রকাশের ৯০ দিনের মধ্যে অংশগ্রহণকারী রাজনৈতিক দলগুলোকে নির্বাচনি ব্যয়ের বিবরণী নিরীক্ষার জন্য নির্বাচন কমিশনে জমা দিতে হয়। সে অনুযায়ী ব্যয়ের হিসাব জমা দেওয়ার শেষ সময় ছিল ১৩ মে।

নির্ধারিত সময়ের মধ্যে জামায়াতে ইসলামীসহ ২৭টি দল ব্যয়ের হিসাব জমা দেয়। বাকি ২৩টি দল হিসাব না দেওয়ায় নির্বাচন কমিশন তাদের ১৪ জুন পর্যন্ত অতিরিক্ত সময় দেয়। বর্ধিত সময়ের মধ্যে বিএনপিসহ ১৬টি দল ব্যয়ের হিসাব জমা দিলেও এনসিপিসহ সাতটি দল এ সময়ে হিসাব জমা দেয়নি। এ কারণে দলগুলোকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, আরপিওর ৪৪ গ (৫) অনুচ্ছেদ অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে ব্যয়ের হিসাব জমা না দিলে নির্বাচন কমিশন ১০ হাজার টাকা জরিমানা করে সময় বাড়াতে পারে। এরপরও হিসাব জমা না দিলে সংশ্লিষ্ট রাজনৈতিক দলের নিবন্ধন বাতিলের উদ্যোগ নেওয়ার বিধান রয়েছে।

যে সাতটি দলকে কারণ দর্শাতে বলা হয়েছে, সেগুলো হলো জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি), বাংলাদেশ মুসলিম লীগ (বিএমএল), বাংলাদেশ কল্যাণ পার্টি, আমার বাংলাদেশ (এবি) পার্টি, জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম) এবং আমজনতার দল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category