যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরান যুদ্ধের নিন্দা জানিয়ে রিপাবলিকান নিয়ন্ত্রিত মার্কিট সিনেটে একটি প্রস্তাব পাস হয়েছে। এ প্রস্তাব অনুসারে ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধ করা বা সামরিক অভিযান চালানো আগে ট্রাম্পকে বাধ্যতামূলক কংগ্রেসের অনুমোদন নিতে হবে।
২৪জুন (বুধবার) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, এই বিষয়ে মঙ্গলবার মার্কিন সিনেটে যে ভোটাভুটি হয়েছে সেখানে কয়েকজন রিপাবলিকান সদস্যও ডেমোক্র্যাটদের সঙ্গে যোগ দেন। যে কারণে ভোটের ফল দাঁড়ায় ৫০-৪৮ এ। চলতি মাসের শুরুর দিকে মার্কিন প্রতিনিধি পরিষদেও একই প্রস্তাব পাস হয়েছিল।তবে এই প্রস্তাবটি মূলত প্রতীকী। কারণ কংগ্রেসের উভয় কক্ষে পাস হওয়ার পরও এটি বিবেচনার জন্য ট্রাম্পের কাছে পাঠানো হবে না এবং এর কোনো আইনি বাধ্যবাধকতা নেই।
ভোটের এই ফলাফল এমন এক সময়ে এলো, যখন কংগ্রেসে থাকা রিপাবলিকানরা ট্রাম্পের সঙ্গে ইরানিদের হওয়া শান্তি পরিকল্পনা নিয়ে সংশয় প্রকাশ করছেন, বিশেষ করে যখন অজনপ্রিয় এই সংঘাত পঞ্চম মাসে পদার্পণ করছে।
যুক্তরাষ্ট্রে ১৯৭৩ সালের যুদ্ধ ক্ষমতা আইন কার্যকর হওয়ার পর এই প্রথমবারের মতো মার্কিন কংগ্রেসের উভয় কক্ষ দেশটির কোনো প্রেসিডেন্টকে সামরিক অভিযান বন্ধ করার নির্দেশ দিয়ে একটি প্রস্তাব অনুমোদন করল।
ট্রাম্প প্রশাসন যুক্তি দেখিয়েছে যে এপ্রিলে হওয়া যুদ্ধবিরতি- এই যুদ্ধের সময় গণনা নতুন করে শুরু করেছে, যদিও যুক্তরাষ্ট্র-ইসরায়েল হামলা ২৮ ফেব্রুয়ারি থেকেই শুরু হয়েছিল।
জাতীয় নিরাপত্তার অজুহাত দেখিয়ে এই সময়সীমা
আরো ৩০ দিন বাড়াতে পারে হোয়াইট হাউজ। বর্তমানে, যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধবিরতি বজায় রাখতে সম্মত হয়েছে এবং গত সপ্তাহে দুই দেশের প্রেসিডেন্টের স্বাক্ষরিত একটি সমঝোতা স্মারকের অধীনে শত্রুতা অবসানের লক্ষ্যে কাজ করছে।ওই সমঝোতা স্মারকের আওতায়, ওয়াশিংটন ও তেহরান ইরানের পারমাণবিক কর্মসূচি বন্ধের বিষয়ে একটি বিস্তৃত চুক্তিতে পৌঁছানোর জন্য ৬০ দিন সময় পাবে।