চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম ১১ মাসে (মে ২০২৬ পর্যন্ত) জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) মোট ৩ লাখ ৬০ হাজার ৬৪২ কোটি টাকা রাজস্ব আদায় করেছে, যা একই সময়ের অতীতের সব রেকর্ড অতিক্রম করেছে।
২৩জুন(মঙ্গলবার) সচিবালয়ে তথ্য অধিদপ্তরের (পিআইডি) সম্মেলন কক্ষে আয়োজিত সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
তিনি জানান, ২০২৪-২৫ অর্থবছরের প্রথম ১১ মাসে রাজস্ব আদায়ের পরিমাণ ছিল ৩ লাখ ২৭ হাজার ৭৮৫ কোটি ৭৮ লাখ টাকা। সেই তুলনায় চলতি অর্থবছরের একই সময়ে ৩২ হাজার ৮৫৬ কোটি ২২ লাখ টাকা বেশি রাজস্ব আদায় হয়েছে। এ সময়ে রাজস্ব আদায়ে প্রবৃদ্ধির হার দাঁড়িয়েছে ১০ দশমিক ০২ শতাংশ।
ডা. জাহেদ উর রহমান বলেন, সরকারের বিভিন্ন সংস্কারমূলক পদক্ষেপ, কর প্রশাসনের আধুনিকায়ন এবং রাজস্ব আহরণে কার্যকর উদ্যোগের ফলে এ ইতিবাচক প্রবৃদ্ধি অর্জিত হয়েছে।
প্রেস ব্রিফিংয়ে সরকারের ১০০ দিনের কাজের অগ্রগতিও তুলে ধরা হয়।
এ সময় সরকারের প্রধান তথ্য অফিসার সৈয়দ আবদাল আহমদ উপস্থিত ছিলেন।