শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, চলতি অর্থবছরে দেশের শিক্ষা খাতে সর্বোচ্চ বরাদ্দ দেওয়া হয়েছে। গত অর্থবছরের ৮৮ হাজার কোটি টাকা থেকে শিক্ষা মন্ত্রণালয়ের বাজেট বাড়িয়ে এবার ১ লাখ ২৩ হাজার কোটি টাকায় উন্নীত করা হয়েছে।
তিনি বলেন, শিক্ষা মন্ত্রণালয় এখন সবচেয়ে বড় বাজেটপ্রাপ্ত মন্ত্রণালয়। গত বছর এ খাতে বরাদ্দ ছিল ৮৮ হাজার কোটি টাকা। তবে সে সময় রূপপুর বিদ্যুৎকেন্দ্র ও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের কিছু ব্যয় একসঙ্গে যুক্ত করা হয়েছিল। এবার সেই ব্যয় অন্তর্ভুক্ত করা হয়নি। আগামী দিনগুলোতে ধাপে ধাপে শিক্ষা খাতে বরাদ্দ আরও বাড়ানো হবে বলেও জানান তিনি।
বুধবার রাতে রাজধানীর মিরপুরে মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (এমআইএসটি)-এর শহীদ ইয়ামিন অডিটোরিয়ামে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠান ও গ্র্যাজুয়েশন ডিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, বাংলাদেশের ভবিষ্যৎ উন্নয়নের অন্যতম প্রধান চালিকাশক্তি হলো শিক্ষা। মানবসম্পদ উন্নয়ন, আন্তর্জাতিক অঙ্গনে প্রতিযোগিতার সক্ষমতা বৃদ্ধি এবং জনসংখ্যাকে দক্ষ জনশক্তিতে পরিণত করতে শিক্ষায় সর্বোচ্চ বিনিয়োগের বিকল্প নেই।
তিনি আরও বলেন, “আমাদের দেশ বিপুল সম্ভাবনা ও সম্পদে সমৃদ্ধ। এত সুন্দর একটি দেশ হয়েও আমরা কেন পিছিয়ে থাকব? যে ক্ষেত্রটিতে আমরা এখনও পিছিয়ে আছি, সেটি হলো শিক্ষা। শিক্ষা খাতে কাঙ্ক্ষিত উন্নয়ন নিশ্চিত করতে পারলে বিশ্ব প্রতিযোগিতায় বাংলাদেশ অবশ্যই আরও এগিয়ে যাবে।”
সূত্র: বাসস