প্রযুক্তি ডেস্ক
অ্যাপলের বার্ষিক ডব্লিউডব্লিউডিসি সম্মেলনে আসন্ন আইওএস ২৭ ও আইপ্যাডওএস ২৭ নিয়ে একাধিক গুরুত্বপূর্ণ ঘোষণা দেওয়া হয়েছে। নতুন এই অপারেটিং সিস্টেমে গতি ও পারফরম্যান্স বৃদ্ধিকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। ফলে আইফোন ও আইপ্যাড ব্যবহারকারীরা আগের তুলনায় আরও উন্নত অভিজ্ঞতা পাবেন।
অ্যাপলের তথ্য অনুযায়ী, নতুন আপডেটের মাধ্যমে আইফোন ও আইপ্যাডে ব্যবহৃত অ্যাপগুলো সর্বোচ্চ ৩০ শতাংশ পর্যন্ত দ্রুত চালু হবে। এই সুবিধা অ্যাপলের নিজস্ব অ্যাপের পাশাপাশি তৃতীয় পক্ষের অ্যাপগুলোর ক্ষেত্রেও প্রযোজ্য হবে। একই সঙ্গে কনটেন্ট লোডিং এবং লাইব্রেরিতে ফাইল আপলোডের গতিও বাড়ানো হয়েছে।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট এনগ্যাজেটের প্রতিবেদনে বলা হয়েছে, ফাইল ও ছবি আদান-প্রদানের সুবিধা এয়ারড্রপ এখন আগের তুলনায় সর্বোচ্চ ৮০ শতাংশ দ্রুত কাজ করবে বলে দাবি করেছে অ্যাপল।
এ ছাড়া আইপ্যাড থেকে এক্সটার্নাল ড্রাইভে ফাইল স্থানান্তরের গতি উল্লেখযোগ্যভাবে উন্নত করা হয়েছে। কোম্পানির ভাষ্য, এটি আগের তুলনায় প্রায় পাঁচ গুণ দ্রুত হবে এবং পারফরম্যান্সের দিক থেকে ম্যাকের ফাইন্ডারের সমপর্যায়ে পৌঁছাবে।
নতুন আপডেটের ফলে ডিভাইসগুলো ওয়াই-ফাই ও সেলুলার নেটওয়ার্কের মধ্যে আরও বুদ্ধিমত্তার সঙ্গে স্বয়ংক্রিয়ভাবে পরিবর্তন করতে পারবে। এতে ব্যবহারকারীদের কন্ট্রোল সেন্টার থেকে ম্যানুয়ালি নেটওয়ার্ক পরিবর্তনের প্রয়োজন কমে যাবে।
অ্যাপল জানিয়েছে, এসব উন্নয়ন শুধু নতুন ডিভাইসের জন্য সীমাবদ্ধ থাকবে না। আইফোন ১১ এবং এর পরবর্তী মডেলগুলোও আইওএস ২৭ আপডেটের মাধ্যমে উল্লেখযোগ্য পারফরম্যান্স উন্নতির সুবিধা পাবে বলে আশা করা হচ্ছে।