আন্তর্জাতিক ডেস্ক
মালয়েশিয়া উপকূলে ডুবে যাওয়া নৌকায় উদ্ধার অভিযান সমাপ্ত হয়েছে। এ ঘটনায় ১৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। গত সপ্তাহে দেশটির পশ্চিম উপকূলে ইন্দোনেশিয়াগামী একটি অভিবাসীবাহী নৌকা ডুবে যায়।
মালয়েশিয়ার পেরাক অঙ্গরাজ্যের সামুদ্রিক আইন প্রয়োগকারী সংস্থা জানিয়েছে, গত ১১ মে উপদ্বীপীয় মালয়েশিয়ার পশ্চিমে পাংকোর দ্বীপের কাছে নৌকাটি ডুবে যায়। এ ঘটনায় ২৩ জনকে জীবিত উদ্ধার করা হয়।
পেরাকের সামুদ্রিক আইন প্রয়োগকারী সংস্থার পরিচালক মোহাম্মদ শুকারি খোতাব জানান, গত শনিবার অনুসন্ধান অভিযান বন্ধ করা হয়েছে। তিনি বলেন, আমাদের নিয়ম অনুযায়ী ছয় দিন ধরে অনুসন্ধান ও উদ্ধার অভিযান পরিচালনা করা হয়। এলাকায় নতুন করে কিছু না পাওয়ায় শনিবার সন্ধ্যা ৭টায় অভিযান শেষ করা হয়েছে।
মোহাম্মদ শুকারি বলেন, জীবিত উদ্ধার হওয়া ২৩ জনই ইন্দোনেশিয়ার নাগরিক। তবে নিহত ১৬ জনের সবাই ইন্দোনেশীয় কি না, তা নিশ্চিত হওয়া যায়নি। কাজের সন্ধানে এসব অভিবাসী মালয়েশিয়ার বিভিন্ন গন্তব্যে যাচ্ছিলেন। এর মধ্যে ছিল পেনাং, তেরেংগানু, সেলাঙ্গর ও কুয়ালালামপুর।
তিনি বলেন, উদ্ধার হওয়া ব্যক্তিদের প্রাথমিক তথ্যে নৌকাটিতে ৩৭ জন ছিলেন বলে দাবি করা হয়েছিল। পরে দেখা যায়, উদ্ধার হওয়া ও মৃতদের সংখ্যা মিলিয়ে মোট যাত্রী ছিলেন ৩৯ জন।
প্রতিবেদনে বলা হয়েছে, সামুদ্রিক আইন প্রয়োগকারী সংস্থার পাশাপাশি উদ্ধার অভিযানে রয়্যাল মালয়েশিয়ান নৌবাহিনী, মেরিন পুলিশ বাহিনী ও স্থানীয় জেলেরা অংশ নেন। তুলনামূলকভাবে সমৃদ্ধ দেশ মালয়েশিয়ায় এশিয়ার দরিদ্র অঞ্চলগুলো থেকে আসা লাখো অভিবাসী কাজ করেন। তাঁদের অনেকেই অবৈধভাবে নির্মাণ, কৃষিসহ বিভিন্ন খাতে কর্মরত।
এর আগে ২০২৫ সালের নভেম্বরে থাই-মালয়েশিয়া উপকূলের কাছে একটি নৌকা ডুবে ৩৬ জন অভিবাসীর মৃত্যু হয়েছিল।
ইউনি/শাহোরা/