আবারও প্রাণনাশের হুমকি ও নিরাপত্তাহীনতায় পড়েছেন যশোরের মনিরামপুরের সাবেক ছাত্রশিবির নেতা তবিবুর রহমান। এ ঘটনায় জুবায়ের নামের এক ব্যক্তির বিরুদ্ধে হুমকি দেওয়ার অভিযোগ করেছেন তিনি। পাশাপাশি তাঁর বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে বলেও জানান তিনি।
এদিকে দেশে থাকা তাঁর বাড়িতে দুই দিন পুলিশ যাওয়ার ঘটনায় উদ্বিগ্ন হয়ে পড়েছে পরিবার। অতীতের রাজনৈতিক পরিচয় ও হয়রানির অভিজ্ঞতার পাশাপাশি সাম্প্রতিক এসব ঘটনায় দেশে ফেরা নিয়ে নতুন করে শঙ্কা তৈরি হয়েছে তাঁর।
আরও পড়ুন:
জীবননাশের হুমকি: দেশে ফিরতে পারছেন না তবিবুর
তবিবুর রহমানের অভিযোগ, জুবায়ের নামের এক ব্যক্তি তাঁকে প্রাণনাশের হুমকি দিয়েছেন। এ ঘটনায় তিনি নিজের ও পরিবারের সদস্যদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন। তাঁর দাবি, রাজনৈতিক মত প্রকাশের কারণে তাঁকে লক্ষ্য করে এমন হুমকি ও হয়রানির ঘটনা ঘটছে।
তবিবুর রহমান জানান, ২০১০ সালে মাত্র ১৬-১৭ বছর বয়সে ইসলামী ছাত্রশিবিরের মনিরামপুর পূর্ব থানা শাখার সেক্রেটারির দায়িত্ব পালনকালে তাঁকে গ্রেপ্তারের জন্য একাধিকবার বাড়ি ও মাদ্রাসায় পুলিশ অভিযান চালায়। গ্রেপ্তারের ভয়ে ২০১২ সালের জুন পর্যন্ত আত্মগোপনে থাকতে হয় তাঁকে। এ সময় শারীরিক নির্যাতনে তাঁর বাম পায়ের লিগামেন্ট ক্ষতিগ্রস্ত হয়। পরবর্তীতে ২০১৪ সালে অস্ত্রোপচার করাতে হয়। নিরাপত্তার কারণে ২০১২ সালে বাংলাদেশ ছেড়ে মালয়েশিয়ায় যান তবিবুর। পরে স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে যুক্তরাজ্যে বসবাস শুরু করেন। বর্তমানে তিনি বার্মিংহামে অবস্থান করছেন।
তবিবুর রহমান বলেন, ‘দীর্ঘদিন ধরে রাজনৈতিক পরিচয়ের কারণে আমাকে ও আমার পরিবারকে নানা ধরনের হয়রানি ও নিরাপত্তাহীনতার মধ্য দিয়ে যেতে হয়েছে। অতীতে জীবননাশের হুমকির কারণে দেশ ছাড়তে বাধ্য হয়েছি। ভেবেছিলাম রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তনের পর হয়তো স্বাভাবিকভাবে দেশে ফেরার পরিবেশ তৈরি হবে। কিন্তু সাম্প্রতিক সময়ে আবারও হুমকি, জিডি এবং বাড়িতে পুলিশের যাওয়ার ঘটনায় নতুন করে উদ্বিগ্ন হয়ে পড়েছি। আমি কোনো অন্যায় করে থাকলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হোক। কিন্তু রাজনৈতিক মত প্রকাশের কারণে যেন আমাকে কিংবা আমার পরিবারের সদস্যদের হয়রানির শিকার হতে না হয়।’
তবিবুরের ছোট ভাই তরিকুল বলেন, ‘রাজনৈতিক মতাদর্শ কখনো কোনো মানুষের অপরাধ হতে পারে না। আমার বড় ভাই অতীতে ছাত্রশিবিরের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। সেই পরিচয়ের কারণে অনেকবার বাড়িতে পুলিশ গিয়েছে, পরিবার হয়রানির শিকার হয়েছে।
সাম্প্রতিক সময়ে রাজনৈতিক সমালোচনার কারণে তাঁর বিরুদ্ধে জিডি করা হয়েছে। বাড়িতে গত ২২ ও ২৩ অক্টোবর দুই দিন পুলিশ এসেছে। এসব ঘটনায় আমরা উদ্বিগ্ন’
তিনি আরও বলেন, ‘কোনো ব্যক্তির বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ ও প্রমাণ থাকলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হোক। কিন্তু শুধু রাজনৈতিক পরিচয় বা মতাদর্শের কারণে কাউকে হয়রানি করা কাম্য নয়। রাজনৈতিক প্রতিহিংসা নয়, আমরা ন্যায়বিচার চাই।’
অভিযোগের বিষয়ে জুবায়েরের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি। একই সঙ্গে বাড়িতে পুলিশের যাওয়ার কারণ সম্পর্কে সংশ্লিষ্ট থানার বক্তব্য জানা সম্ভব হয়নি।