ইয়ানূর রহমান, যশোর প্রতিনিধি ::
যশোরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পৃথক দুটি অভিযানে ৩৮ কেজি ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। এ সময় দুজনকে আটক করেছে। আটককৃতদের মধ্যে ১জনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা হয়েছে। অপরজনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৪ দিনের বিনাশ্রম কারাদন্ড ও ২০০ টাকা অর্থদন্ড হয়েছে। আটককৃতদের ব্যক্তিরা হলেন যশোর সদর উপজেলার কচুয়া ইউনিয়নের ঘোপ উত্তরপাড়া এলাকার আলতাফ বিশ্বাসের ছেলে বাবলু হোসেন (৩৫) এবং শহরের কাজীপাড়া কাঁঠালতলা এলাকার বাবু শেখের ছেলে সুজন শেখ (২৬)।
সোমবার (৯ নভেম্বর) যশোর সদর উপজেলার কচুয়া ইউনিয়নের ঘোপ উত্তরপাড়া এবং শহরের কাজীপাড়া কাঁঠালতলা এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, যশোর।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, সোমবার সকাল ১১টা থেকে ১১টা ৫০ মিনিট পর্যন্ত কচুয়া ইউনিয়নের ঘোপ উত্তরপাড়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় বাবলু হোসেনের দক্ষিণমুখী দোতলা বাড়ির দ্বিতীয় তলায় তাঁর দখলে থাকা একটি কক্ষ থেকে ৩৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়। অভিযানে বাবলু হোসেনকে গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক শাহরিয়ার হোসেন বাদী হয়ে যশোর কোতোয়ালি মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেন।
অন্যদিকে, একই দিন দুপুর আড়াইটার দিকে যশোর শহরের কাজীপাড়া কাঁঠালতলা এলাকায় পৃথক অভিযান চালিয়ে সুজন শেখকে ৫০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করা হয়।
পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক রাফিজা খাতুনের প্রসিকিউশনের ভিত্তিতে জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তাওমীদ হাসান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আদালত সুজন শেখকে ১৪ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন। পরে তাঁকে কারাগারে পাঠানো হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, যশোরের দেওয়া তথ্য অনুযায়ী, পৃথক দুটি অভিযানে মোট ৩৮ কেজি ৫০ গ্রাম গাঁজা উদ্ধার, দুজনকে গ্রেপ্তার এবং একজনের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।