চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে ৬০ পিস ইয়াবাসহ মো. রুবেল হক (২৬) নামে এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় তার কাছ থেকে একটি মোবাইল ফোনও জব্দ করা হয়।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ১টার দিকে উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের উনিশবিঘা এলাকায় এ অভিযান চালায় মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর চকপাড়া বিওপির একটি বিশেষ টহল দল।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত পিলার ১৮২/৫-এস থেকে প্রায় ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে উনিশবিঘা গ্রামের সাদিকুলের আমবাগানে অভিযান পরিচালনা করা হয়। এ সময় রুবেল হককে আটক করে তল্লাশি চালিয়ে ৬০ পিস ইয়াবা ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
আটক রুবেল হক শিবগঞ্জ উপজেলার উনিশবিঘা গ্রামের মৃত আবু সাঈদের ছেলে।
এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে বিজিবি।
মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী বলেন, দেশের যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে বিজিবি মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে। সীমান্তে মাদক ও সব ধরনের চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।