জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শহীদ তাজউদ্দীন আহমদ হলের কমনরুমে পূর্ণাঙ্গ জিমনেসিয়াম উদ্বোধন করা হয়েছে। নতুন ক্রয়কৃত ১০টি এবং পূর্বের ৪টি জিম ইকুইপমেন্ট, বড় আয়না ও ওজন পরিমাপক মেশিন স্থাপনের মাধ্যমে জিমনেসিয়ামটি পূর্ণাঙ্গভাবে চালু করা হয়।
আজ শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টায় হলের কমনরুমে জিমনেসিয়ামটির উদ্বোধন করা হয়। এ সময় হল সংসদের সভাপতি ও প্রাধ্যক্ষ অধ্যাপক ড. খন্দকার লুৎফুল এলাহীকে জিমনেসিয়ামের যাবতীয় ইকুইপমেন্ট হস্তান্তর করেন হল সংসদের কমনরুম সম্পাদক মো. আরিফ হোসেন।
এ সময় কমনরুম সম্পাদক মো. আরিফ হোসেন বলেন, “হলের শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক সুস্থতার কথা বিবেচনা করেই কমনরুমে জিমনেসিয়ামটি পূর্ণাঙ্গভাবে চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে। নতুন ১০টি ইকুইপমেন্টের পাশাপাশি পূর্বের ৪টি ইকুইপমেন্টকে সমন্বয় করে এখানে প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করা হয়েছে। শিক্ষার্থীরা যেন নিয়মিত শরীরচর্চার মাধ্যমে নিজেদের সুস্থ ও কর্মক্ষম রাখতে পারেন, সেটিই আমাদের মূল লক্ষ্য। ভবিষ্যতে শিক্ষার্থীদের প্রয়োজন ও চাহিদা অনুযায়ী জিমনেসিয়ামের সুযোগ-সুবিধা আরও সম্প্রসারণের চেষ্টা থাকবে।”
উদ্বোধনী অনুষ্ঠানে হল সংসদের প্রতিনিধিবৃন্দ, সাধারণ শিক্ষার্থী এবং বিভিন্ন ছাত্রসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জিমনেসিয়ামটি চালু হওয়ায় এখন থেকে হলের শিক্ষার্থীরা যেকোনো সময় এটি ব্যবহার করে শরীরচর্চা করতে পারবেন।