পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশের কোহাট জেলায় একটি মসজিদে শক্তিশালী বোমা হামলায় অন্তত ৭ জন নিহত হয়েছেন। বিস্ফোরণে আহত হয়েছেন ৩০ জনের বেশি।
দেশটির উদ্ধার বিভাগের জ্যেষ্ঠ কর্মকর্তা বিলাল ফায়জি জানান, শুক্রবার আফগানিস্তান সীমান্তবর্তী কোহাটের একটি মসজিদে এ বিস্ফোরণ ঘটে। আহতদের বেশিরভাগই নামাজ আদায় করতে আসা মুসল্লি।
হাসপাতালে চিকিৎসক ও কর্মকর্তাদের বরাতে সংবাদ সংস্থা এসোসিয়েটেড প্রেস জানিয়েছেন, আহত কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। ফলে মৃতের সংখ্যা আরো বাড়তে পারে।
প্রাদেশিক পুলিশের প্রধান জুলফিকার হামিদ বলেন, বিস্ফোরণের পর আহতদের নিকটবর্তী হাসপাতালে নেওয়া হয়। বিপুলসংখ্যক আহতের চিকিৎসায় সেখানে জরুরি অবস্থা জারি করা হয়েছে। বিস্ফোরণের তীব্রতায় আশপাশের দোকান ও বাড়িঘরও ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে।
তিনি আরো জানান, বিস্ফোরকভর্তি একটি গাড়ি মসজিদে ঢুকিয়ে হামলা চালানো হয়ে থাকতে পারে। তবে ঘটনাটি এখনো তদন্তাধীন।
এ হামলার নিন্দা জানিয়ে নিহতদের পরিবারের প্রতি শোক প্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। আহতদের দ্রুত চিকিৎসা নিশ্চিত এবং উদ্ধার তৎপরতা জোরদারের নির্দেশ দিয়েছেন তিনি।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বিস্ফোরণে মসজিদের ছাদ ধসে পড়েছে। উদ্ধারকর্মী ও স্থানীয় বাসিন্দারা ধ্বংসস্তূপ থেকে আহতদের বের করে অ্যাম্বুল্যান্সে তুলছেন।