এবারের ঈদুল আজহা উপলক্ষে সরকারি ছুটি ৭ দিন নির্ধারণ করেছে সরকার। বৃহস্পতিবার (৭ মে) রাতে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ ঘোষণা দেওয়া হয়। সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত সরকারি ছুটি থাকবে।
মন্ত্রিপরিষদ বিভাগের বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৩ মে (শনিবার) সাপ্তাহিক ছুটি বাতিল করা হয়েছে। ফলে ওই দিন সরকারি কর্মকর্তা-কর্মচারীদের অফিস করতে হবে।
তবে শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটিতে কোনো পরিবর্তন আনা হয়নি বলে জানা গেছে। ২০২৬ সালের শিক্ষাপঞ্জি অনুযায়ী, সাপ্তাহিক ছুটি, গ্রীষ্মকালীন অবকাশ ও ঈদুল আজহার ছুটি মিলিয়ে স্কুল-কলেজে টানা ১৬ দিনের ছুটি থাকছে।
শিক্ষাপঞ্জি অনুযায়ী, প্রাথমিক বিদ্যালয়, নিম্নমাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে ২৪ মে থেকে ছুটি শুরু হয়ে শেষ হবে ৪ জুন। এর আগে ও পরে সাপ্তাহিক ছুটি থাকায় শিক্ষার্থীরা টানা ১৬ দিনের ছুটি পাচ্ছে।
কলেজেও ঈদুল আজহার ছুটি ১২ দিনের হলেও আগে-পরে সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় মোট ১৬ দিনের ছুটি মিলবে।
অন্যদিকে, মাদরাসায় ২৪ মে থেকে ছুটি শুরু হয়ে চলবে ১১ জুন পর্যন্ত। ছুটির আগে থাকা শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি মিলিয়ে মাদরাসায় টানা ২১ দিনের ছুটি উপভোগ করবেন শিক্ষার্থীরা।