• রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন

সীমান্তের ৩৫ যুবককে ইলেকট্রিক্যাল ও হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ দিচ্ছে বিজিবি

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: / ০ Time View
Update : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬

সীমান্তবর্তী এলাকার বেকার যুবকদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জে ‘ইলেকট্রিক্যাল অ্যান্ড হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ’ কর্মসূচি শুরু করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রোববার (৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাংগা ইউনিয়ন পরিষদ হলরুমে এ প্রশিক্ষণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর উদ্যোগে আয়োজিত এ প্রশিক্ষণে চরবাগডাংগা ইউনিয়নের বিভিন্ন গ্রামের ৩৫ জন যুবক অংশ নিয়েছেন।

বিজিবি জানায়, সীমান্ত নিরাপত্তা ও দেশের সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি সীমান্তবর্তী মানুষের আর্থ-সামাজিক উন্নয়ন ও জীবনমানের উন্নয়নে বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় এ কারিগরি প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।


প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারী যুবকরা ইলেকট্রিক্যাল ও হাউজ ওয়্যারিংয়ের প্রয়োজনীয় কারিগরি দক্ষতা অর্জন করবেন। এতে তারা আত্মকর্মসংস্থানের সুযোগ পাওয়ার পাশাপাশি স্বাবলম্বী হওয়ার পথ তৈরি করতে পারবেন। একই সঙ্গে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হলে সীমান্ত এলাকার যুবকদের বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতেও এ উদ্যোগ ভূমিকা রাখবে বলে মনে করছে বিজিবি।

উদ্বোধনী অনুষ্ঠানে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, পিএসসি, চাঁপাইনবাবগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ, চরবাগডাংগা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান, স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি, সাংবাদিক, চরবাগডাংগা বিওপি কমান্ডারসহ বিজিবির বিভিন্ন পর্যায়ের সদস্যরা উপস্থিত ছিলেন।

৫৩ বিজিবি জানিয়েছে, সীমান্তবর্তী এলাকার মানুষের বিকল্প কর্মসংস্থান সৃষ্টি, দক্ষতা উন্নয়ন ও আর্থ-সামাজিক অগ্রগতির লক্ষ্যে ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category