নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছে টাইগ্রেসরা। আজ বুধবার আগে ব্যাটিং করতে নেমে বিব্রত অবস্থায় পড়ে নারী ক্রিকেট দল। ২০ ওভার খেলেও তিন অঙ্কের ঘরে পৌঁছাতে পারেনি বাংলাদেশ। সর্বোচ্চ রান অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি করের ৪৭ বলে ২৭।
এদিন টস হেরে আগে ব্যাট করতে নেমে দলীয় ১৭ রানের মধ্যেই দিলারা আক্তার, জুয়াইরিয়া ফেরদৌস ও শারমিন আক্তারকে হারিয়ে ফেলে নারী দল। সেই চাপ সামাল দিতে গিয়ে জ্যোতি খেলেন ধীর গতির ইনিংস। তবে তাকে সেভাবে সঙ্গ দিতে পারেননি কেউই।
দলীয় ২৭ রানের মধ্যে ৫ম উইকেটের পতন ঘটলে রানের গতি আরো কমে যায়। জ্যোতি ছাড়া দুই অঙ্কের দেখা পেয়েছেন শুধু ঋতু মণি। ২৬ বলে ১৬ রান করেন তিনি।
শেষপর্যন্ত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৭৭ রান দাঁড়ায় বাংলাদেশের সংগ্রহ। অজিদের পক্ষে দুটি করে উইকেট পান কিম গার্থ, সোফি মলিনাক্স ও এলিসা পেরি।