ঢাকায় শিশু রামিসা হত্যার ঘটনার প্রতিবাদ এবং দ্রুত বিচার নিশ্চিতের দাবিতে রাঙামাটি সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীরা মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।
শনিবার (২৩ মে) সকালে কলেজের প্রধান ফটকের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষার্থীরা রামিসা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির দাবি জানান।
মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। ধর্ষণ ও হত্যার মতো নৃশংস ঘটনার বিরুদ্ধে দ্রুত বিচার এবং কঠোর আইন প্রয়োগ না হলে সমাজে বিচারহীনতার সংস্কৃতি আরও বিস্তার লাভ করবে।
কর্মসূচির শুরুতে একটি প্রতিবাদ মিছিল বের করা হয়। মিছিলটি রাঙামাটি সরকারি মহিলা কলেজের প্রধান ফটক থেকে শুরু হয়ে পুলিশ সুপারের কার্যালয় এলাকা প্রদক্ষিণ করে পুনরায় মানববন্ধনস্থলে এসে শেষ হয়।
মানববন্ধনে বক্তব্য দেন এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস বকুল, ইসরাত জাহান, হাসনা হেনা নুপুর, আয়েশা তুন্ন নাফরা এবং প্রথম বর্ষের শিক্ষার্থী তাহমিনা সুলতানাসহ আরও অনেকে।
বক্তারা নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে কার্যকর উদ্যোগ গ্রহণ, অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনা এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার আহ্বান জানান।
উল্লেখ্য, সম্প্রতি ঢাকায় শিশু রামিসা হত্যার ঘটনা দেশজুড়ে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে। ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবিতে দেশের বিভিন্ন স্থানে প্রতিবাদ ও মানববন্ধন কর্মসূচি পালিত হচ্ছে।