বিশ্বের অন্যতম পরাশক্তির দেশ আমেরিকার পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম একটি বি-৫২ বোমারু বিমান উড্ডয়নের পরপরই বিধ্বস্ত হয়েছে। ৭০,০০০ পাউন্ড অস্ত্র বহনে সক্ষম বিমান আটজন আরোহী নিয়ে ক্যালিফোর্নিয়ার আকাশে উড্ডয়নের পরপর বিধ্বস্ত হয়। এতে প্রত্যেক আরোহী নিহত হয়েছে।
সোমবার (১৫ জুন) স্থানীয় সময় বেলা ১১টা ২০ মিনিটে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার এডওয়ার্ডস এয়ার ফোর্স বেস থেকে উড্ডয়নের পরপরই বিমানটি বিধ্বস্ত হয়।
দুর্ঘটনার পর এডওয়ার্ডস এয়ার ফোর্স বেসে সব ধরনের উড্ডয়ন কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয়। এছাড়া বিমানঘাঁটির রানওয়ে বন্ধ ঘোষণা করা হয়। একই সঙ্গে জরুরি উদ্ধার ও তদন্ত কার্যক্রম নির্বিঘ্ন করতে দর্শনার্থীদের প্রবেশও সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।
দুর্ঘটনার কারণ এখনও জানা যায়নি। কর্তৃপক্ষ জানিয়েছে, বিষয়ে একাধিক তদন্ত শুরু হয়েছে। প্রাথমিক তদন্ত শেষ হতে প্রায় ১ মাস সময় লাগতে পারে। তাছাড়া বিস্তারিত কারণ অনুসন্ধানের জন্য আরও ছয় মাসের কম বেশি সময় লাগবে।
এডওয়ার্ডস এয়ার ফোর্স বেসের কর্নেল জেমস হেইস বলেন, “আজ এডওয়ার্ডস এয়ার ফোর্স বেসে এক ভয়াবহ ট্র্যাজেডি ঘটেছে। আমরা আটজন মহান আমেরিকানকে হারিয়েছি।”
তিনি জানান, নিহতরা সামরিক সদস্য, সরকারি বেসামরিক কর্মচারী এবং সরকারি ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মীদের সমন্বয়ে গঠিত একটি দলের সদস্য ছিলেন।
ঘাঁটি কর্তৃপক্ষ এর আগে জানিয়েছিল, প্রাথমিক তথ্য-উপাত্ত থেকে ধারণা করা হচ্ছে যে দুর্ঘটনায় কারও বেঁচে থাকার সম্ভাবনা ছিল না।
নিহতদের স্বজনদের অবহিত করার কাজ চলছে এবং তা সম্পন্ন হওয়ার ২৪ ঘণ্টা পর তাদের পরিচয় প্রকাশ করা হবে বলেও জানানো হয়।
কর্নেল হেইস বলেন, বিমানটি ঘাঁটির রাডার আধুনিকায়ন কর্মসূচির অংশ হিসেবে একটি পরীক্ষামূলক মিশনে ছিল। উড্ডয়নের পরপরই এটি বিধ্বস্ত হয়ে আগুনে পুড়ে যায়।