গাছ রোপণের চেয়ে তা রক্ষা করাই বেশি কঠিন বলে মন্তব্য করেছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। তিনি বলেন, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার হারিয়ে যাওয়া সবুজায়ন ফিরিয়ে আনতে কাজ করছে। সবার সম্মিলিত প্রচেষ্টায় সেই লক্ষ্য অর্জন সম্ভব হবে। এর জন্য শুধু গাছ লাগালেই হবে না, এর পরিচর্যাও করতে হবে।
শনিবার (২৫ জুলাই) বেলা ১১টায় নগরের নজরুল ভিলেজে ‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে আয়োজিত ১৫ দিনব্যাপী রাজশাহী বিভাগীয় বৃক্ষমেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান পবিত্র ভূমিতে বৃক্ষরোপণের মাধ্যমে মুসলিম উম্মাহর হৃদয়ে স্থান করে নিয়েছেন।
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াও দেশব্যাপী সবুজায়নের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছিলেন। সে সময় রাজশাহী জাতীয় পর্যায়ে পুরস্কৃত হয়েছিল।
মিজানুর রহমান মিনু বলেন, রাজশাহীকে আরও সবুজ নগরীতে পরিণত করতে সবাইকে অন্তত একটি করে গাছ লাগাতে হবে। নগরের খালি জায়গাসহ সম্ভাব্য সব স্থানে বৃক্ষরোপণ করতে হবে। গাছ লাগানোর কোনো বিকল্প নেই।
তিনি আরও বলেন, রাজশাহী সিটি করপোরেশনের মেয়র থাকাকালে ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছিল। আবারও বৃক্ষরোপণের মাধ্যমে রাজশাহীকে সবুজ নগরী হিসেবে গড়ে তোলা হবে।
নগরের বিভিন্ন প্রতিষ্ঠানের উদ্দেশে ভূমিমন্ত্রী বলেন, আপনারা বৃক্ষরোপণ করুন। প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা করা হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন, রাজশাহী রেঞ্জের ডিআইজি মো. আশিক সাইদ, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির, অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. হাবিবুর রহমান, রাজশাহী জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা, রাজশাহী জেলা পুলিশ সুপার নাইমুল হাছান এবং রাজশাহী বিভাগীয় বন কর্মকর্তা ড. মো. জাহাঙ্গীর আলম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহীর জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম।
এর আগে একটি বর্ণাঢ্য র্যালি নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মেলার গেটে এসে শেষ হয়।
১৫ দিনব্যাপী এ মেলায় ৫২টি স্টল অংশ নিয়েছে। প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।