• রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০১:১৩ অপরাহ্ন

ফেসবুকে আসছে বিনামূল্যে  ‘ভেরিফায়েড’ ব্যাজ

তথ্যপ্রযুক্তি প্রতিনিধি / ১৫ Time View
Update : শনিবার, ২৫ জুলাই, ২০২৬

জেনারেটিভ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি ভুয়া প্রোফাইল, প্রতারণা ও স্প্যাম ঠেকাতে ‘আসল’ ব্যবহারকারীদের জন্য বিনামূল্যে নতুন ‘ভেরিফায়েড’ ব্যাজ চালু করতে যাচ্ছে মেটা। নতুন এ ব্যবস্থায় ফেইশিয়াল রিকগনিশন প্রযুক্তির মাধ্যমে ব্যবহারকারীর পরিচয় যাচাই করা হবে।

প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম এনগ্যাজেটের এক প্রতিবেদনে বলা হয়েছে, এআই–নির্ভর ভুয়া অ্যাকাউন্ট ও কনটেন্টের ভিড়ে প্রকৃত ব্যবহারকারীদের আলাদা করে শনাক্ত করতেই এই উদ্যোগ নিয়েছে মেটা।

নতুন ভেরিফিকেশন প্রক্রিয়ায় ব্যবহারকারীকে একটি সেলফি তুলতে হবে। এরপর সেই ছবি অ্যাকাউন্টের প্রোফাইল ছবির সঙ্গে মিলিয়ে পরিচয় যাচাই করা হবে। মেটার দাবি, পুরো প্রক্রিয়াটি সম্পন্ন হতে মাত্র কয়েক মিনিট সময় লাগবে।

তবে সবাই এই সুবিধা পাবেন না। আবেদনকারীর বয়স কমপক্ষে ১৮ বছর হতে হবে। এছাড়া অ্যাকাউন্টে প্রতারণা, ভুয়া তথ্য ছড়ানো বা কমিউনিটি নীতিমালা লঙ্ঘনের রেকর্ড থাকলে আবেদন গ্রহণ করা হবে না।

প্রথম পর্যায়ে ভেরিফায়েড ব্যাজটি ব্যবহারকারীর প্রোফাইল, গ্রুপ, মার্কেটপ্লেস এবং ফেসবুক ডেটিং সেবায় দেখা যাবে। পরবর্তী সময়ে ফিডের পোস্টেও এটি প্রদর্শনের পরিকল্পনা রয়েছে। একবার পরিচয় যাচাই সম্পন্ন হলে পুরো ফেসবুক প্ল্যাটফর্মেই ব্যাজটি কার্যকর থাকবে।

মেটা জানিয়েছে, এটি তাদের বিদ্যমান মেটা ভেরিফায়েড সেবার বিকল্প নয়। কারণ মেটা ভেরিফায়েড একটি অর্থের বিনিময়ে পাওয়া সাবস্ক্রিপশনভিত্তিক সেবা, যেখানে অতিরিক্ত গ্রাহক সহায়তা ও অন্যান্য প্রিমিয়াম সুবিধা দেওয়া হয়। অন্যদিকে নতুন ফেসবুক ভেরিফায়েড কেবল ব্যবহারকারীর পরিচয় নিশ্চিত করার জন্য চালু করা হচ্ছে। এতে অতিরিক্ত গ্রাহক সহায়তা বা অন্য কোনো প্রিমিয়াম সুবিধা থাকবে না।

প্রথম ধাপে কয়েকটি দেশে এ সুবিধা চালু হবে। পরে ধাপে ধাপে বিশ্বের অন্যান্য দেশেও এটি সম্প্রসারণ করা হবে। মেটার আশা, নতুন এই উদ্যোগ ফেসবুককে আরও নিরাপদ ও বিশ্বাসযোগ্য সামাজিক যোগাযোগমাধ্যম হিসেবে গড়ে তুলতে সহায়ক হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category