সাভারে গ্যাস লাইনের লিকেজ থেকে আগুন লেগে দম্পতি দগ্ধ হয়েছেন। বৃহস্পতিবার মধ্যরাতে মজিদপুর দিঘীরপাড় মসজিদবাড়ি এলাকায় ঘটনাটি ঘটে। শুক্রবার (২৪ জুলাই) ভোরে দগ্ধদের রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটে নেওয়া হয়।
দগ্ধরা হলেন- কাওসার ও তার স্ত্রী রুবি। তারা পোশাক কারখানার কর্মী। আগুনে কাওসারের শরীরের প্রায় ১০০ শতাংশ এবং রুবির শরীরের ২৪ শতাংশ দগ্ধ হয়েছে বলে জানা গেছে।
পুলিশ জানায়, নূর মোহাম্মদের মালিকানাধীন একটি দুইতলা ভবনের নিচতলায় ভাড়া থাকতেন কাওসার ও তার স্ত্রী। মধ্যরাতে ঘরের ভেতরে কয়েল জ্বালানোর সময় গ্যাস লাইনের লিকেজ থেকে আগুনের সূত্রপাত হয়। এতে দুজনই দগ্ধ হন। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করেন। সেখানে তাদের চিকিৎসা চলছে।
দগ্ধ কাওসারের বাবা সীমান শেখ জানান, তার ছেলে ও পুত্রবধূ একটি দোতলা ভবনের নীচতলায় ভাড়া থাকতেন। বৃহস্পতিবার মধ্যরাতে তারা মশার কয়েল ধরানোর জন্য দিয়াশলাই জ্বালাতেই ঘরে জমে থাকা গ্যাসে আগুন ধরে যায়। খবর পেয়ে প্রতিবেশীদের সহযোগিতায় দরজা ভেঙে তাদের উদ্ধার করা হয়।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক শাওন বিন রহমান বলেন, “আগুনে কাওসারের শরীরে ১০০ শতাংশ এবং তার স্ত্রী রুবির শরীরের ৮০ শতাংশ দগ্ধ হয়েছে। দগ্ধ হওয়ার পরিমাণ বেশি থাকায় তাদের আইসিইউতে নেওয়া হয়েছে।”
সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) নূর মোহাম্মদ বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গ্যাস লাইনের লিকেজ থেকে আগুন লেগেছে। বিষয়টি নিয়ে আরো খোঁজ নেওয়া হচ্ছে।”