চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় বন্যাদুর্গত মানুষের মাঝে ত্রাণ বিতরণ অনুষ্ঠানের মঞ্চ ধসে পড়েছে। এতে অল্পের জন্য রক্ষা পেয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীসহ অন্য অতিথিরা।
শুক্রবার (১৭ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে দোহাজারী পৌরসভা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে, এ ঘটনায় কেউ গুরুতর আহত হননি।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ত্রাণ বিতরণ অনুষ্ঠানে যোগ দিতে অর্থমন্ত্রী মঞ্চে ওঠার পর অতিরিক্ত নেতা-কর্মী ও অতিথি একসঙ্গে মঞ্চে উঠলে সেটি ধসে পড়ে। এতে অর্থমন্ত্রীর সঙ্গে থাকা চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন, চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য জসীম উদ্দীন আহমদ, পটিয়া আসনের সংসদ সদস্য এনামুল হক এবং বোয়ালখালী আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহসহ মঞ্চে থাকা কয়েকজন নিচে পড়ে যান।
তবে, তাৎক্ষণিকভাবে সবাই নিরাপদে উঠে আসেন এবং কারো গুরুতর আহত হওয়ার খবর পাওয়া যায়নি। ঘটনার পর অর্থমন্ত্রী পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী সাতকানিয়ার উদ্দেশে রওনা দেন।
এদিকে, মন্ত্রী চলে যাওয়ার পর স্থানীয় নেতারা ত্রাণ বিতরণ শুরু করলে উপকারভোগীদের মধ্যে হুড়োহুড়ির সৃষ্টি হয়। এ সময় ঠেলাঠেলিতে নারী-পুরুষসহ অন্তত ১০ জন আহত হন। পরে আহতদের চন্দনাইশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসাসেবা দেওয়া হয়।
চন্দনাইশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবদুর রহমান বলেছেন, “অর্থমন্ত্রী মঞ্চে ওঠার পর অতিরিক্ত লোকজনের চাপে মঞ্চটি ভেঙে পড়ে। এতে উপস্থিত সবাই নিচে পড়ে গেলেও কেউ গুরুতর আহত হননি। পরে পরিস্থিতি স্বাভাবিক হলে ত্রাণ বিতরণ কার্যক্রম পুনরায় শুরু করা হয়।”