• বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন

আর্জেন্টিনা একটি অনুভূতির নাম

বিনোদন ডেস্ক / ৭১ Time View
Update : রবিবার, ১২ জুলাই, ২০২৬

একটি রুদ্ধশ্বাস ফুটবল ম্যাচ উপভোগ করল বিশ্ববাসী। সেমিফাইনালের টিকিট নিয়ে কাড়াকাড়ি কম করেনি আর্জেন্টিনা-সুইজারল্যান্ড। ১১৩ মিনিট পর্যন্ত ম্যাচ ছিল ১-১ গোলে সমতায়। এরপর আলভারাজের দুর্দান্ত গোল ম্যাচের চেহারা বদলে দেয়। অতিরিক্ত যোগ করা সময়ে আর্জেন্টিনার হয়ে রংধনুরে মতো বাঁকানো তৃতীয় গোলটি করেন লাওতারো মার্তিনেজ। সর্বশেষ ৩-১ গোলে বিজয়ী হয় মেসির দল আর্জেন্টিনা।

আর্জেন্টিনা-সুইজারল্যান্ডের টানটান উত্তেজনার ম্যাচটি কানসাস সিটি স্টেডিয়ামে বসে উপভোগ করেছেন দেশের তারকা দম্পতি নাদিয়া আহমেদ ও এফ এস নাঈম। প্রিয় দল জয়ের পর স্বামীর সঙ্গে তোলা কয়েকটি ছবি ফেসবুকে পোস্ট করে নাদিয়া আহমেদ লেখেন—“এগিয়ে চলো আর্জেন্টিনা, গর্জন করো আর্জেন্টিনা!”

ম্যাচ শুরুর আগেও দীর্ঘ একটি পোস্ট দিয়েছেন নাদিয়া আহমেদ। লেখার শুরুতে এ অভিনেত্রী বলেন, “আমরা যারা আর্জেন্টিনার ফ‍্যান, ২০২২ সালের আগে আর্জেন্টিনার শেষ বিশ্বকাপ জয় ছিল ১৯৮৬ সালে, ডিয়েগো ম্যারাডোনার হাত ধরে। তাই আর্জেন্টিনার সমর্থক হতে হলে মনোবলটা সত্যিই অনেক শক্ত হতে হয়।”

এরপর শক্ত মনোবলের ব্যাখ্যা দিয়েছেন নাদিয়া আহমেদ। এ অভিনেত্রী বলেন, “আমরা ২০০২ সালে হতাশা দেখেছি, ২০০৬ সালে আক্ষেপ দেখেছি, ২০১০ সালে ব্যর্থতা দেখেছি, ২০১৪ সালের ফাইনালে হৃদয়ভাঙা দেখেছি, ২০১৮ সালের কষ্ট দেখেছি। তারপরও দল ছাড়িনি। অনেকেই ঠাট্টা করে আর্জেন্টিনাকে বলত—‘আরজেতেনা’। বছরের পর বছর ধৈর্য ধরে, বিশ্বাস ধরে, ভালোবাসা ধরে একই দলের পাশে থেকেছি। অবশেষে ২০২২ সালে আমাদের সেই আকাঙ্ক্ষিত বিশ্বকাপের শিরোপা জয়ের মধ্য দিয়ে বহুদিনের স্বপ্ন পূরণ হয়েছে।”

শুধু সাফল্য দেখে কোনো ফুটবল দল সমর্থন করেন না নাদিয়া। এ অভিনেত্রীর ভাষায়—“আমরা কখনো এমন একটি দলকে সমর্থন করিনি, যাদের শুধু সাফল্য দেখেই সবাই সমর্থন করে। আমাদের তখন মাত্র দুটি বিশ্বকাপ ছিল, কিন্তু স্বপ্ন ছিল—একদিন নিজের চোখে আর্জেন্টিনাকে বিশ্বকাপ জিততে দেখব। সেই স্বপ্ন পূরণ হয়েছে।”

আর্জেন্টিনার সমালোচকদের উদ্দেশ্যে নাদিয়া আহমেদ বলেন, “আজ যারা এই বিশ্বকাপ বা গত বিশ্বকাপ নিয়ে অনেক কথা বলছেন, তাদের শুধু একটা কথাই বলব—আর্জেন্টিনার সমর্থকরা কয়টি বিশ্বকাপ জিতেছে, সেই হিসাব দেখে এই দলকে ভালোবাসে না। তারা ভালোবাসে দলের ইতিহাস, জার্সি, আবেগ আর পরিচয়কে। এরা ট্রফির জন্য নয়, ভালোবাসার জন্য পাশে থাকে।”

আর্জেন্টিনা দল একটি অনুভূতির নাম বলে মনে করেন নাদিয়া আহমেদ। তিনি বলেন, “আর্জেন্টিনা আমাদের কাছে শুধু একটি ফুটবল দল নয়; এটি একটি অনুভূতির নাম। তাই আমাদের ভেঙে দেওয়া এত সহজ নয়। আজ আমরা চাপমুক্ত হয়ে খেলা উপভোগ করব। ২০২১ সালের কোপা আমেরিকা জয়ের পর থেকে আর্জেন্টিনার ঝুলিতে আছে অনেক অনেক সফলতার গল্প। তাই কারো হিংসাত্মক কথায় আজ আমাদের আবেগকে একটুও ছোট করতে পারবে না।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category