নরসিংদী প্রতিনিধি
নরসিংদীর শিবপুর উপজেলার ইটাখোলা কুমরাদী এলাকায় একটি গ্যারেজে অভিযান চালিয়ে মাধবদী পৌরসভার দুটি ড্রাম ট্রাক ও একটি পে-লোডার উদ্ধার করেছে জেলা প্রশাসন।
শুক্রবার (১০ জুলাই) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ইটাখোলা কুমরাদী এলাকায় অবস্থিত চট্টগ্রাম ইঞ্জিনিয়ারিং মটর ওয়ার্কস গ্যারেজে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন নরসিংদী জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. খালিদ হোসেন শিমুল।
অভিযানকালে উদ্ধার হওয়া সরকারি যানবাহনগুলোর কোনো নিবন্ধন (নাম্বার) প্লেট পাওয়া যায়নি। তবে মাধবদী পৌরসভার কর্মচারী বজলু, হাসান, কামাল, আল-আমিন ও শহীদ ঘটনাস্থলে উপস্থিত হয়ে যানবাহনগুলোকে মাধবদী পৌরসভার সম্পত্তি হিসেবে শনাক্ত করেন। গ্যারেজ মালিক তাজুল ইসলামও বিষয়টি নিশ্চিত করেন।
জিজ্ঞাসাবাদে গ্যারেজ মালিক তাজুল ইসলাম জানান, ২০২৪ সালের ৫ আগস্টের অনেক আগে মাধবদী পৌরসভার চারটি ড্রাম ট্রাক ও একটি পে-লোডার মেরামতের জন্য তাঁর গ্যারেজে আনা হয়েছিল। এর মধ্যে দুটি ড্রাম ট্রাক মেরামত শেষে ৫ আগস্টের আগেই তৎকালীন পৌর মেয়রের কাছে বুঝিয়ে দেওয়া হয়। তবে অবশিষ্ট দুটি ড্রাম ট্রাক ও একটি পে-লোডার দীর্ঘদিন ধরে তাঁর গ্যারেজে সংরক্ষিত ছিল।
তিনি আরও জানান, ৫ আগস্ট ২০২৪-এর পর দীর্ঘ সময় অতিবাহিত হলেও এসব যানবাহনের বিষয়ে পৌর কর্তৃপক্ষের সঙ্গে কোনো ধরনের যোগাযোগ করা হয়নি, যা তাঁর একটি অনিচ্ছাকৃত ভুল ছিল।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, উদ্ধারকৃত সরকারি যানবাহনগুলো যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে মাধবদী পৌরসভার কাছে হস্তান্তরের ব্যবস্থা নেওয়া হচ্ছে। সরকারি সম্পদের সুরক্ষা নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
ইউনি/শাহোরা/