নরসিংদীর রায়পুরা উপজেলার মেথিকান্দা রেলস্টেশনের পরিচ্ছন্নতাকর্মী ববি বেগম হত্যা ও টাকা লুটের ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনীর সদস্যরা। নরসিংদী ও ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
শুক্রবার (১০ জুলাই) দুপুরে এ তথ্য জানিয়েছেন ভৈরব রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাঈদ আহমেদ।
তিনি জানান, ভৈরব রেলওয়ে থানা পুলিশ, রেলওয়ে ডিবি পুলিশ ও র্যাবের সমন্বয়ে পরিচালিত যৌথ অভিযানে বৃহস্পতিবার (৯ জুলাই) রাতে রিফাত, সাকিব আহমেদ, দ্বীন ইসলাম, বিল্লাল হোসেন ও ইলিয়াছ মিয়াকে নরসিংদী ও ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন স্থান থেকে গ্রেপ্তার করা হয়। এ বিষয়ে শিগগিরি প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে বিস্তারিত তথ্য জানানো হবে।
ববি বেগম (৭০) দীর্ঘদিন ধরে মেথিকান্দা রেলস্টেশনে পরিচ্ছন্নতাকর্মী হিসেবে কর্মরত ছিলেন। গত ৪ জুলাই দুর্বৃত্তরা হামলা চালিয়ে তাকে গুরুতর জখম করে জমানো টাকা লুট করে নেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তদন্ত শুরু করে। ববি বেগম চিকিৎসাধীন থেকে গত ৭ জুলাই মারা যান। পরে রেলওয়ে কবরস্থানে তাকে দাফন করা হয়।